২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাচুকার বিপক্ষে ম্যাচেও এমবাপেকে ‘পাচ্ছে না’ রেয়াল মাদ্রিদ

প্রথম ম্যাচে পয়েন্ট হারানো মাদ্রিদের দলটির জন্য ফরাসি তারকাকে না পাওয়া হতে পারে অনেক বড় ধাক্কা।

পাচুকার বিপক্ষে ম্যাচেও এমবাপেকে ‘পাচ্ছে না’ রেয়াল মাদ্রিদ
আরেকটি ম্যাচে বাইরে থাকতে হতে পারে কিলিয়ান এমবাপেকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 10:48 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি আশঙ্কাই যেন সত্যি হতে যাচ্ছে। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচেও ফরাসি তারকাকে হয়তো পাবে না রেয়াল মাদ্রিদ।

গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হওয়ায় পরদিন আল-হিলালের সঙ্গে ১-১ ড্র ম্যাচে রেয়ালের স্কোয়াডে ছিলেন না এমবাপে। এর পরদিন বমি ও ডায়রিয়াজনিত রোগে ভুগে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কয়েক ঘণ্টা পরই অবশ্য যুক্তরাষ্ট্রে দলের ট্রেনিং কমপ্লেক্স পাম বিচে ফিরে আসেন তিনি।

কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন রেয়ালের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোলের রেকর্ড গড়া ফরোয়ার্ড। শনিবার দলের সঙ্গে অনুশীলনও করেননি এবারের ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী এই ফুটবলার।

রেয়ালের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এমবাপের সঙ্গে ডিফেন্ডার দানি কার্ভাহালও টিম হোটেলে টুকটাক অনুশীলন করেছেন।

রোববার ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর ক্লাব পাচুকার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। ম্যাচ ফিটনেস না থাকায় এই দুজনের কেউই যে আসছে ম্যাচটিতে খেলবেন না, তা এখন মোটামুটি নিশ্চিত।

বিভিন্ন সংবাদমাধ্যমে একরকম নিশ্চিত করেই বলা হচ্ছে, পাচুকার বিপক্ষে খেলতে পারছেন না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। তার ক্লাবের পক্ষ থেকে অবশ্য এখনও এ বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি।