১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন কুবার্সির

স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনালে নিজের আদর্শের মুখোমুখি হতে উদগ্রীব হয়ে আছেন পাউ কুবার্সি।

বিশ্বকাপ ফাইনালে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন কুবার্সির
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও স্পেনের তরুণ ডিফে পাউ কুবার্সি (ডানে)। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 09:56 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ছোটবেলা থেকে লিওনেল মেসিকে ‘আইডল’ ও ‘রোল মডেল’ মেনে বড় হয়েছেন পাউ কুবার্সি। শৈশব থেকে একটি স্বপ্নও তিনি দেখে এসেছেন। আর্জেন্টিনার ফুটবল জাদুকরের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলার আশায় আছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।  

বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠা কুবার্সি এখন তাদের মূল দলের গুরুত্বপূর্ণ অংশ। আর মেসি তো এই ক্লাবের কিংবদন্তি। কুবার্সি ছোটবেলা থেকে মেসিকে কাতালান দলটির হয়ে সবকিছু জিততে দেখেছেন। এখন বিশ্বকাপ ফাইনালে মহাতারকার মুখোমুখি হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি, “এটা এমন একটা স্বপ্ন, যা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমি।”

এবারের বিশ্বকাপে এরই মধ্যে নিজেদের গ্রুপে সেরা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনও তাদের গ্রুপে সেরা হলে এবং এই দুই দল আসরের শেষ পর্যন্ত যেতে পারলে ফাইনালে দেখা হতে পারে তাদের। 

এই সম্ভাবনায় ভীষণ রোমাঞ্চিত ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলা কুবার্সি।

“এটা হবে স্বপ্নের মতো, কারণ এর মানে হবে আমি বিশ্বকাপের ফাইনালে থাকব। জেতার একটা সুযোগ তৈরি হবে। যদি প্রতিপক্ষ মেসি হন, তাহলে সত্যিই শৈশবের স্বপ্ন পূরণ হবে।”

“আমার পুরো পরিবার বার্সার ভক্ত এবং আমার ছোটবেলা থেকেই তিনি আমাদের আইডল ও রোল মডেল। তার সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি।”