১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরবেলোয়ার ‘ধারণার চেয়েও ভালো’ এই রেয়াল মাদ্রিদ

রেয়াল মাদ্রিদে সৃষ্টিশীল মিডফিল্ডার প্রয়োজন কিনা, এমন প্রশ্নে এই মন্তব‍্য করলেন দলটির কোচ।

আরবেলোয়ার ‘ধারণার চেয়েও ভালো’ এই রেয়াল মাদ্রিদ
অনুশীলনে রেয়াল মাদ্রিদ দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

টনি ক্রুস, লুকা মদ্রিচদের বিদায়ের পর রেয়াল মাদ্রিদের মিডফিল্ডে বড় এক শূন‍্যতা তৈরি হয়েছে, যা পূরণে একজন সৃষ্টিশীল মিডফিল্ডার প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা। এই প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে দলটির কোচ আলভারো আরবেলোয়া বললেন, তার ধারণার চেয়েও ভালো রেয়ালের বর্তমান দল। 

সমশক্তির দলের বিপক্ষে মাঝমাঠের লড়াইয়ে খেই হারাচ্ছে রেয়াল। চলতি মৌসুমে এই চিত্র দেখা গেছে বেশ কয়েকবার। চ‍্যাম্পিয়ন্স লিগে জয়ে ফেরার অভিযানে মঙ্গলবার মোনাকোর মুখোমুখি হবে দলটি। প্রতিযোগিতাটিতে আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল ভিনিসিউস-এমবাপেরা।

প্রতিযোগিতাটিতে জয়ে ফেরার অভিযানে নামার আগের দিন আরবেলোয়ার সংবাদ সম্মেলনে এলো সৃজনশীল মিডফিল্ডারের প্রয়োজনীয়তার প্রসঙ্গ। সেখানে সরাসরি হ‍্যাঁ বা না বললেন না কোচ। 

“প্রথম দিন থেকে বলে আসছি, আমি অসাধারণ একটি স্কোয়াড পেয়েছি। ওদের সঙ্গে ছয় দিন কাটানোর পর আমার উপলব্ধি, আমি যেমন ভেবেছিলাম, এরা তার চেয়েও ভালো।”

“আমি এখানে লা লিগা, চ‍্যাম্পিয়ন্স লিগসহ প্রতিটি শিরোপার জন‍্য লড়াই করতে এসেছি। এগুলোর জন‍্য লড়াই করতে যা যা করতে হয়, সেজন‍্য আমি এখানে এসেছি। আমি চাই ভক্তরা আমাদের পাশে থাকুক। মাদ্রিদ শিরোপা জিততে পারে কারণ, বের্নাবেউ তাদের পাশে থাকে। আপনি যে কোনো প্রতিপক্ষকে জিজ্ঞেস করুন, তারা সবাই বের্নাবেউয়ের আবহের কথা বলবে। আমরা সেটাই চাই এবং আমরা জানি এটাই আমাদের কাজ।”

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম‍্যাচের দুটিতে পরাজিত রেয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে। 

৯ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে মোনাকো।

আলোন্সোর চাকরি বাঁচাতে ফাইনালে খেলেননি, বললেন এমবাপে

ভিনিসিউসকে দুয়ো না দিতে সমর্থকদের প্রতি অনুরোধ এমবাপের

আবেগপ্রবণ ভিনিসিউসের পাশে রেয়াল মাদ্রিদ কোচ