Published : 28 Aug 2024, 07:06 PM
ঘরের মাঠে নেপাল অনেক শক্ত প্রতিপক্ষ বলে মনে করেন মারুফুল হক। দলটির প্রতি সেই সমীহ ও সম্মান সবটুকুই তার আছে। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, নিজেদের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন তারা।
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমি-ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পা রাখে মারুফুলের দল।
গত আসরের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। শিরোপাধারীদের এবার সেমি-ফাইনাল থেকে বিদায় করে দিয়ে স্বাভাবিকভাবে এখন আরও উজ্জীবিত বাংলাদেশ দল।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মারুফুল বললেন, ভারত ম্যাচ নিয়ে আর ভাবছে না দলের কেউ। এখন নেপালকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছেন তারা।
“দলের আবহ ভালো। যেটা বললেন, আমরা গতকাল ভারতকে সেমি-ফাইনালে হারিয়েছি। তবে ওটা এখন অতীত। আগামীকাল নতুন ম্যাচ, নতুন দল। ওদের (নেপাল) বিপক্ষে আমরা একবার খেলেছি। ওরা প্রতিভাবান দল, ওদের হারানোর জন্য আরও চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।”
“আমরা জানি নেপাল অনেক শক্তিশালী দল, বিশেষ করে ঘরের মাঠে। তবে আমি বিশ্বাস করি, যদি আমরা আমাদের পরিকল্পনা ও কৌশল অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব।”