১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চোটে কতটা ভেঙে পড়েছিলেন, জানালেন লোপেস

মনের কষ্টে বিশ্বকাপের শুরুর দিকে স্পেনের কয়েকটি ম‍্যাচ দেখতেও পারেননি এই মিডফিল্ডার।

চোটে কতটা ভেঙে পড়েছিলেন, জানালেন লোপেস
ফের্মিন লোপেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 02:50 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দারুণ ছন্দে থেকেও, চোটের জন‍্য বিশ্বকাপে খেলতে না পারার যন্ত্রণা পুড়িয়েছে ফের্মিন লোপেসকে। মনের ওপর তা এতটাই বেশি চাপ ফেলেছিল যে, স্পেনের শুরুর দিকের কয়েকটি ম‍্যাচ দেখতেই পারেননি বার্সেলোনার তরুণ এই মিডফিল্ডার। 

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। ২৬ জনের দলে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন আট জন। চোট না পেলে অনায়াসে তাদের সঙ্গী হতে পারতেন লোপেস। 

তার জন‍্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। কিন্তু কোনো মিরাকল ঘটেনি, চোটের নাটকীয় কোনো উন্নতি হয়নি। তাই শেষ পর্যন্ত লোপেসকে ছাড়াই দল ঘোষণা করেন তিনি। 

চোট কাটিয়ে নতুন মৌসুমের জন‍্য তৈরি হচ্ছেন লোপেস। ইংল‍্যান্ডে দলের ক‍্যাম্পে কাটাচ্ছেন ব‍্যস্ত সময়। সেখানেই কাতালান রেডিওকে বলেছেন, বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়ে কতটা ভেঙে পড়েছিলেন তিনি।

“এটা ছিল আমার ক‍্যারিয়ারের সবচেয়ে বাজে গ্রীষ্ম। কঠিন সেই সময় কাটাতে পেরেছি আমার পরিবার, সঙ্গী ও বন্ধুদের জন‍্য। তখন আমার সাহায‍্য প্রয়োজন ছিল… আমার (মনোবিদ) কোচ এই পরিস্থিতি কাটাতে অনেক সাহায‍্য করেছেন।

“বিশ্বকাপে আমি স্পেন দলের প্রথম কয়েকটি ম‍্যাচ দেখিনি। আমি আসলে দেখতে পারিনি। আমি সেখানে থাকতে চেয়েছিলাম। শেষ দিকে আমি কিছুটা ভালো অনুভব করি, এরপর ফাইনাল দেখতে নিউ ইয়র্কে যাওয়ার সিদ্ধান্ত নিই।”   

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে বরাবরের মতোই হুয়ান গাম্পের ট্রফি দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এই ম‍্যাচে খেলার ব‍্যাপারে আশাবাদী লোপেস।

“প্রতিদিন আরও ভালো অনুভব করছি। কোনো অস্বস্তি নেই, এটাই গুরুত্বপূর্ণ। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমি হয়তো গাম্পের ট্রফিতে কিছুক্ষণ খেলতে পারি।”

গাম্পের ট্রফিতে এবার মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে বার্সেলোনা।