২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ লড়াইয়ের জন্য দলের গভীরতা বাড়াতে চান টেন হাগ

চোট সমস্যায় দলের শক্তি যেন না কমে, সেদিকে মনোযোগ দিয়ে নতুন মৌসুমের জন্য স্কোয়াড গড়ার লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেড কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 05:52 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

চোট জর্জরিত দল নিয়ে গত মৌসুমটা একদমই ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। আগামী মৌসুমেও পড়তে হতে পারে একই সমস্যায়, সেই ভাবনা মাথায় রেখে স্কোয়াডের গভীরতা বাড়াতে চান দলটির কোচ এরিক টেন হাগ।

২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টম হয় ইউনাইটেড। ৩৮ ম্যাচের মধ্যে স্রেফ ১৮টিতে জয়ের দেখা পায় তারা। হার ১৪টিতে, ড্র ৬ ম্যাচ। মৌসুমে একটি শিরোপা অবশ্য ধরা দেয় তাদের হাতে। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এফএ কাপে।

গত মৌসুম জুড়েই চোট সমস্যায় ভুগতে দেখা যায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে। এনিয়ে অনেকবার হতাশাও প্রকাশ করেন টেন হাগ। নতুন মৌসুমকে সামনে রেখে তাই তার বাড়তি মনোযোগ দল গঠনে। নিশ্চিত করতে চান, চোট সমস্যা আবার যেন দলের শক্তিতে প্রভাব ফেলে।

এরই মধ্যে ফরাসি ডিফেন্ডার লেনি ইয়োরো ও ডাচ ফরোয়ার্ড ইয়োশুয়া জির্কজিকে দলে যোগ করেছে ইউনাইটেড; গত মৌসুম শেষে চলে যাওয়া ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্শিয়াল ও ডিফেন্ডার রাফায়েল ভারানের জায়গায়।

এবারের দলবদল শেষের আগে আর কতজনকে দলে নিতে চান, সে বিষয়ে শুক্রবার লস অ্যাঞ্জেলসে এক সংবাদ সম্মেলনে অবশ্য খোলাসা করেননি টেন হাগ।

“আমাদের স্কোয়াডকে যতটা সম্ভব শক্তিশালী করতে হবে। আমরা এরই মধ্যে খুব ভালো দুইজন খেলোয়াড়কে দলে টেনেছি। দলের সবাই ফিট থাকলে আমরা এমন একটি দল হয়ে উঠি, যারা যেকোনো দলকে হারাতে পারে। স্কোয়াডের গভীরতা এমন হতে হবে, যেন (প্রতিকূলতার মুখে) মান ধরে রাখতে পারি, কারণ (গত মৌসুমে) আমাদের অনেক চোট সমস্যা ছিল, আমরা দুর্বল হয়ে পড়েছিলাম।”

“চোট সমস্যা কমিয়ে আমাদের এসব এড়াতে হবে। দ্বিতীয়ত, আমাদের স্কোয়াড ওই পর্যায়ের ভালো হতে হবে। লড়াইয়ে টিকে থাকার মতো দলের গভীরতা থাকতে হবে…এই মৌসুমে যারা সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারবে, তারাই টিকে থাকবে।”