১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কক্ষচ্যূত জার্মানিকে পথে ফেরাতে ক্লপের চমক, একসঙ্গে ২ দল ঘোষণা

দুই দল মিলিয়ে অনেক নতুন খেলোয়াড় ডেকেছেন এই অভিজ্ঞ কোচ, যাদের অনেকের ক্লাব ফুটবলেও শীর্ষ পর্যায়ে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই।

কক্ষচ্যূত জার্মানিকে পথে ফেরাতে ক্লপের চমক, একসঙ্গে ২ দল ঘোষণা

ইয়ুর্গেন ক্লপ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

Published : 17 Sep 2026, 07:19 PM

Updated : 17 Sep 2026, 07:19 PM

পথহারা জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে অভিযানের শুরুতে অভিনব এক পন্থা নিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। সামনের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চারটি ম্যাচের জন্য মোট ৪৪ জনের দুটি দল ঘোষণা করেছেন তিনি।

গত জুন-জুলাইয়ের সবশেষ বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে জার্মানি বিদায় নিলে তীব্র সমালোচনার মুখে পড়েন ওইসময়ের কোচ ইউলিয়ান নাগেলসমান এবং সরে দাঁড়ান তিনি। পরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন ক্লপ।

লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডে দারুণ সফল সময় কাটানো এই কোচের হাত ধরে প্রথম ধাপে উয়েফা নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে জার্মানি; গ্রিসের বিপক্ষে দুটি এবং নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ।

দুটি করে ম্যাচের জন্য আলাদা আলাদা দুটি স্কোয়াড দিয়েছেন ক্লপ। প্রথম দল খেলবে প্রথম দুই ম্যাচ নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে, এই দলে যেমন আছেন কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা ও নিকো শ্লটারবেক।

আর দ্বিতীয় দল খেলবে সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে; এই স্কোয়াডে আছেন ফ্লোহিয়ান ভিয়েৎস, নক ভল্টেমাডা ও কারিম আডেইয়েমি।

সংবাদ সম্মেলনে এভাবে দল ঘোষণার কারণও ব্যাখ্যা করেছেন ক্লপ।

“যত বেশি সম্ভব খেলোয়াড়দের সম্পর্কে জানতে চাই আমি।

“এখানে কোনো এ বা বি দল নেই। স্কোয়াড দুটি এমনভাবে গড়া হয়েছে, যেন মাঠে তারা নিজেদের বৈশিষ্ঠ ও অভিজ্ঞতার আলোকে পারফর্ম করতে পারে।”

স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার শুরুতেই একটা হুমকি দিয়ে রাখেন ক্লপ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার পরিবারের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হলে পদত্যাগ করবেন তিনি।

আর এবার অপ্রচলিতভাবে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করলেন ৫৯ বছর বয়সী এই কোচ। দুই দল মিলিয়ে অনেক নতুন খেলোয়াড় দলে ডেকেছেন ক্লপ। তাদের অনেকের ক্লাব ফুটবলেও শীর্ষ পর্যায়ে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই।

“এমন কয়েকজন খেলোয়াড় নিয়েছি আমরা, যারা আপনাদের অবাক করে দেবে। তবে তাদের মধ্যে আমরা কিছু দেখতে পেয়েছি।

“অনেক মেধাবী ফুটবলার আমাদের দৃষ্টি কেড়েছে- অনেক বেশি, তাদের অনেকে দলে জায়গা পায়নি।”

জার্মানি জাতীয় দলের দীর্ঘদিনের মূল গোলরক্ষক এবং গত বিশ্বকাপেও খেলা মানুয়েল নয়ার অবসর নিয়েছেন। তাই সামনের ম্যাচগুলোয় পোস্টে ক্লপের প্রথম পছন্দ সাবেক বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

এবারের বিশ্বকাপে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করা দেনিস উন্দাফের জায়গায় হয়নি ক্লপের দুই দলের কোনোটিতেই। ডাক পাননি আন্তর্জাতিক ফুটবলে ৮০টি ম্যাচ খেলা গালাতাসারাই উইঙ্গার লিহয় জানেও।