১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাউসেনের লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ রেয়াল মাদ্রিদ কোচ

রেফারির ‘বিতর্কিত সিদ্ধান্তটি’ নিয়ে লা লিগার টেকনিক্যাল কমিটিতে যাওয়ার সিদ্ধান্তও জানিয়ে দিলেন শাবি আলোন্সো।

হাউসেনের লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ রেয়াল মাদ্রিদ কোচ
ম্যাচের পর রেফারির সঙ্গে কথা বলছেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো, বাঁ পাশে দাঁড়িয়ে থিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

লা লিগার রেফারিং নিয়ে অনেক আগে থেকেই বিরক্ত রেয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে গত মৌসুমে লিগ কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি দ্বন্দ্বেও জড়িয়ে পড়েছিল ক্লাবটি। রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের সবশেষ ম্যাচে রেফারি জিল মানজানোর আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত সেই পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

প্রতিপক্ষের মাঠে শনিবার ২-১ গোলে জিতে এবারের লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রেয়াল মাদ্রিদ। 

ম্যাচের দুটি গোলই তারা করে প্রথমার্ধে। দ্বাদশ মিনিটে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর, ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গিলের। দ্বিতীয়ার্ধে মিকেল ওইয়ারসাবাল ব্যবধান কমালেও সফরকারীদের জয়ের পথে বাধা হতে পারেনি তারা।

রেয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত টানা চতুর্থ ম্যাচ জিতলেও, ম্যাচে শেষ এক ঘণ্টার চ্যালেঞ্জ তাদের জন্য খুব কঠিন ছিল। এর অন্যতম কারণ ৩২তম মিনিটে ডিন হাউসেন লাল কার্ড দেখায়, বাকিটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদেরকে।

ওই কার্ডের সিদ্ধান্ত মানতেই পারছেন না রেয়াল কোচ শাবি আলোন্সো। 

মাঝমাঠের কাছে সোসিয়েদাদের ওইয়ারসাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন সেন্টার-ব্যাক হাউসেন। ‘নিশ্চিত গোলের পথে দেওয়ার’ অপরাধে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আর এখানটাতেই যত আপত্তি আলোন্সোর। কারণ, তার মতে ঘটনাটি ঘটেছে পোস্ট থেকে অনেকটা দূরে, বল ওইয়ারসাবালের নিয়ন্ত্রণেও ঠিকমতো ছিল না এবং ওইয়ারসবাল ও হাউসেনের পাশাপাশিই দৌড়াচ্ছিলেন আরেক ডিফেন্ডার এদের মিলিতাও।  

ঘটনার সময়ই ডাগআউটে ভীষণ ক্ষুব্ধ দেখা যায় আলোন্সোকে। শেষ বাঁশির পর মাঠেই রেফারিকে নিজের আপত্তির কথা জানান তিনি।

“ইশ্বর, আমি এটা করতে চাই না, কিন্তু আপনি আমাকে খারাপভাবে ভাবতে বাধ্য করছেন। আপনি কি দেখেননি, (এদের) মিলিতাও পাশেই ছিল? মিলিতাও পাশেই দৌড়াচ্ছিল…নিশ্চিতভাবেই ঘটনাটি সিটিএ’তে (টেকনিক্যাল কমিটি) যাবে।”

মাঠে রেয়াল খেলোয়াড়রা ভিএআরে দেখার দাবি জানালেও শোনেননি মানজানো। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবে ওঠে প্রসঙ্গটি। তখনও একইরকম মন্তব্য করেন আলোন্সো।

“আমার মতে, এটা ছিল হলুদ কার্ড দেখানোর মতো ঘটনা। বল (ওইয়ারসাবালের) নিয়ন্ত্রণে ছিল না এবং পোস্ট পর্যন্ত তখনও ৪০ মিটার বাকি ছিল।” 

“আমার মতে, ঘটনাটা তাই। কিন্তু রেফারির অন্য ভাবনা ছিল এবং ভিএআরের আরেকবার দেখা উচিত ছিল। কিন্তু আমি রিপ্লে দেখেছি এবং আমার মত বদলায়নি। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। তবে আমার তা মনঃপুত হয়নি।”

কার্ডের হতাশা থাকলেও, লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে রেয়াল মাদ্রিদের। একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে তারা। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।