১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুই মহাতারকার মুখোমুখি নতুনরা

বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান, পর্তুগালের বিপক্ষে খেলবে উজবেকিস্তান।

দুই মহাতারকার মুখোমুখি নতুনরা
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি (বাঁয়ে) ও ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

প্রথমবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারাই বড় ব‍্যাপার। সেখানে যদি মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি হওয়ার সুযোগ মিলে যায়? স্বপ্নময় যাত্রায় জর্ডান ও উজবেকিস্তানের সামনে তেমন কিছুরই হাতছানি। অন‍্য দুই নতুন দল কুরাসাও ও কেপ ভার্দের গ্রুপেও আছে ফুটবলের বড় নাম। 

‘জে’ গ্রুপে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে আছে জর্ডান। তাদের অন‍্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও আলজেরিয়া। 

‘কে’ গ্রুপে ইউরোপের পরাশক্তি পর্তুগালের সঙ্গে আছে উজবেকিস্তান। তাদের অন‍্য প্রতিপক্ষ কলম্বিয়া। ফিফা প্লে-অফ পেরিয়ে এই গ্রুপে আসবে ডিআর কঙ্গো, জ‍্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ‍্যে কোনো এক দল। 

ছোট্ট ক‍্যারিবীয় দ্বীপ কুরাসাও আছে ‘ই’ গ্রুপে। তাদের গ্রুপের অন‍্য তিন দল সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন জার্মানি, একুয়েডর ও কোত দি ভোয়া। 

বিশ্বকাপে কুরাসাওয়ের যাত্রা শুরু হবে চারবারের চ‍্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ম‍্যাচ দিয়ে। 

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের সঙ্গে ‘এইচ’ গ্রুপে আছে দুই সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। গ্রুপের অন‍্য দল গত আসরে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের একটি ঘটানো সৌদি আরব। 

৬ লাখ জনসংখ‍্যার দেশ কেপ ভার্দ নিজেদের প্রথম ম‍্যাচে খেলবে স্পেনের বিপক্ষে। সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন এবং ইউরোর বর্তমান চ‍্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সময় হয়তো তারা নিজেদের চিমকি কাটবেন, স্বপ্ন নয়তো!

৪০ বছর বাছাই পর্বে খেলা জর্ডান প্রথমবার খেলবে চূড়ান্ত পর্বে। তাদের দীর্ঘ লড়াইয়ের পুরস্কার যেন বিশ্বকাপে প্রথম প্রতিপক্ষ। মেসির আর্জেন্টিনার বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিযান শুরু করবে এশিয়ার দেশটি।   

একজন বিশ্ব চ‍্যাম্পিয়ন আছেন উজবেকিস্তান দলের সঙ্গে। দলটির কোচ ফাবিও কান্নাভারো ২০০৬ সালে ইতালির হয়ে জিতেছিলেন শিরোপা। নিজেদের দ্বিতীয় ম‍্যাচে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে এশিয়ার দেশ উজবেকিস্তান।