অ্যানফিল্ডেও হারলে শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে পারে সিটি, আশঙ্কা গুয়ার্দিওলার
তবে এসব নিয়ে আপাতত না ভেবে চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে মনোযোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ।
প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচ হেরে প্রবল চাপে আছে ম্যানচেস্টার সিটি। পরের লিগ ম্যাচে তাদের সামনে আরেক কঠিন পরীক্ষা- খেলতে হবে ছন্দে থাকা লিভারপুলের মাঠে। অ্যানফিল্ডে এই ম্যাচ হারলে শিরোপা লড়াই থেকে তারা ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করছেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তবে এসব নিয়ে আপাতত ভাবতে চান না তিনি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় সিটি।
চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার ফেইনুর্ডের মুখোমুখি হবে সিটি। এর পাঁচ দিন পর তারা প্রিমিয়ার লিগে খেলবে লিভারপুলের মাঠে।
এই মুহূর্তে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুইয়ে আছে গত চার আসরের চ্যাম্পিয়ন সিটি। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
রোববার সাউথ্যাম্পটনকে হারাতে পারলে লিভারপুল এগিয়ে যাবে ৮ পয়েন্টে। সেক্ষেত্রে অ্যানফিল্ডে সিটি হেরে গেলে ব্যবধান হবে ১১ পয়েন্টের।
লিভারপুলের বিপক্ষে হারলে সিটির লিগ শিরোপা হাতছাড়া হয়ে যাবে কি-না, জানতে চাইলে অকপটে স্বীকার করে নেন গুয়ার্দিওলা।
“হ্যাঁ, এটা সত্যি। আমরা এখন (শিরোপা) জেতা বা হারানোর কথা ভাবছি না। মৌসুম শেষে কী হতে পারে, সেটা নিয়ে ভাবার মতো পরিস্থিতিতে আমরা নেই। শেষ পর্যন্ত আমরা যদি (শিরোপা) না জিতি, তার মানে আমরা এটার যোগ্য নই। অতীতে আমরা জিতেছি, কারণ তখন এটা আমাদের প্রাপ্য ছিল।”
আপাতত গুয়ার্দিওলার ভাবনা কেবল চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচ নিয়ে।
“এখন আমাদের যা করতে হবে, তা হলো ফেইনুর্ডকে হারানো। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে সিএলে (চ্যাম্পিয়ন্স লিগের) পরের ধাপে জায়গা নিশ্চিত করতে হবে এবং ধাপে ধাপে খেলোয়াড়দের আরও ভালো হতে হবে।”
