Published : 15 Aug 2026, 12:07 AM
ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে গত মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা খরা ঘোচায় আর্সেনাল। নতুন মৌসুমের শুরুতে, ম্যানচেস্টারের দলটিকেই হারিয়ে কমিউনিটি শিল্ড ট্রফি উঁচিয়ে ধরতে বদ্ধপরিকর মিকেল আর্তেতার দল।
লিগে ২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। আর মৌসুমের শেষভাগে চ্যালেঞ্জ জানালেও, শেষ পর্যন্ত ৭ পয়েন্ট পিছিয়ে রানার্সআপ হয় সিটি।
পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ২০২৫-২৬ মৌসুম অবশ্য একেবারে খারাপ যায়নি সিটির। এফএ কাপ ও লিগ কাপ জয় করে তারা। এফএ কাপ জয়ী হিসেবেই মৌসুমের পর্দার ওঠার লড়াই কমিউনিটি শিল্ড ম্যাচে আর্সেনালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি।
কার্ডিফে আগামী রোববার হবে এক ম্যাচের এই শিরোপা লড়াই। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
শুক্রবার সংবাদ সম্মেলনে আর্তেতা জানালেন, তার দল এখন আরও ক্ষুধার্ত এবং দলের সবাই শারীরিকভাবে ভালো আছে।
“খেলোয়াড়রা সাফল্যের জন্য অনেক ক্ষুধার্ত, এবং এটা ভালো দিক। ফুটবলাররা যেভাবে দলে ফিরে এসেছে, অনেকে তো প্রত্যাশিত সময়ের চেয়ে আগে ফিরেছে। সবাই ফিট আছে, আমরা সবরকম পরীক্ষা করেছি। সবাইকে ভালো অবস্থায় দেখা যাচ্ছে।
“রোববার আর্সেনালের সেরা মান দেখাতে হবে। এটাই লক্ষ্য। সেরা পারফরম্যান্স করে প্রথম ট্রফি উঁচিয়ে ধরে মৌসুম শুরু করা হবে সবচেয়ে ভালো ব্যাপার। এভাবেই আমরা মৌসুমের জন্য প্রস্তুতি নিয়েছি। প্রথম দিনেই পারফরম্যান্সের সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে।”
গত মৌসুমে লিগ জয়ের পথে সিটিকে পেছনে ফেললেও, দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য ভালো করতে পারেনি আর্সেনাল। লিগে প্রথম দেখায় ড্রয়ের পর, ফিরতি লেগে সিটির মাঠে হারে তারা। এছাড়া লিগ কাপের ফাইনালেও সিটির বিপক্ষে হেরে যায় আর্তেতার দল।
এবার সেই হতাশা ঝেরে ফেলার চ্যালেঞ্জ আর্সেনালের সামনে।
সিটিতে অবিশ্বাস্য সফল এক দশক কাটিয়ে বিদায় নিয়েছেন গুয়ার্দিওলা। নতুন কোচ এন্টসো মারেস্কার কোচিংয়ে হয়তো নতুন রূপে দেখা যাবে দলটিকে।