১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বার্সেলোনায় অনায়াসেই ১০-১৫টি গোল করতে পারবে জেসুস’

ম্যানচেস্টার সিটিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে আগুয়েরোর বিশ্বাস, ফ্লিকের দলেও গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠার সামর্থ্য আছে জেসুসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 05:07 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

গাব্রিয়েল জেসুসের সামর্থ্যে যেমন আস্থা বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের, ব্রাজিলিয়ান তারকার প্রতি সেই একইরকম বিশ্বাস সের্হিও আগুয়েরোরও। ক্লাবটির সাবেক এই ফরোয়ার্ডের দৃঢ় বিশ্বাস, কাম্প নউয়ে সফল হবেন জেসুস।

গ্রীষ্মের দলবদলে শেষ দিনে আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লেখান জেসুস।

নাম্বার নাইনের শূন্যতা পূরণে তাদের মূল লক্ষ্য ছিল হুলিয়ান আলভারেস। তাকে না পাওয়ায় একরকম হঠাৎ করেই জেসুসকে দলে আনায় মনোযোগ দেয়, আর্সেনালও তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবে হঠাৎ করে জেসুসকে পেয়ে আগের দিন বিস্ময় প্রকাশ করেন ফ্লিক। সেই সঙ্গে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কাছে তার যে অনেক প্রত্যাশা, সেটাও জানান।

ম্যানচেস্টার সিটিতে জেসুসের সঙ্গে খেলেছেন আগুয়েরো। সেই কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে সাবেক আর্জেন্টাইন ফুটবলার বললেন, ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠার সামর্থ্য আছে জেসুসের।

“বার্সেলোনায় অনেক কিছু যোগ করতে পারবে গাব্রিয়েল। আমাদের যখন খুব সামনে একজন স্ট্রাইকারের প্রয়োজন হতো, তখন পেপ (গুয়ার্দিওলা) তাকে খেলাত এবং তার ভূমিকা ছিল একদম পরিষ্কার। ফ্লিকের খেলার ধরনও একই। 

“প্রিমিয়ার লিগে গোল করা সত্যিই অনেক কঠিন, জটিল ব্যাপার। আমার মনে হয়, সে (জেসুস) এখানে প্রতি মৌসুমে ১০-১৫টা গোল করতে পারবে।”

জেসুস আসার আগেই নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে তিন ম্যাচ খেলে সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।