Published : 28 Jun 2026, 12:19 PM
সবাইকে সুযোগ দেওয়ার ইচ্ছাপূরণ করতে যে লিওনেল স্কালোনি অনেক পরিবর্তন আনবেন সেটা অনুমিতই ছিল। কিন্তু জর্ডানের বিপক্ষে একাদশে একই সঙ্গে গঞ্জালো মন্তিয়েল ও নাউয়েল মলিনার অনুপস্থিতি বেশ কৌতুহল জাগায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ ধন্যবাদ জানালেন ‘বিকল্প রাইট ব্যাক এসেকিয়েল পালাসিওসকে।’ সঙ্গে ব্যাখ্যা করলেন কারণ।
বাংলাদেশ সময় রোববার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
সাধারণত মন্তিয়েল ও মলিনাকে অদল-বদল করে রাইট ব্যাক হিসেবে খেলান স্কালোনি। জর্ডানের বিপক্ষে সেই জায়গায় খেলেন পালাসিওস, যিনি একজন মিডফিল্ডার। জর্ডানের বিপক্ষে মোটামুটি উতরে গেলেন বায়ার লেভারকুজেনের এই ফুটবলার।
কেন পালাসিওসকে রাইট ব্যাক হিসেবে বেছে নিয়েছিলেন, ম্যাচ শেষে তার ব্যাখ্যা দিলেন আর্জেন্টিনা কোচ।
“এটা এমন একটা পজিশন যেখানে আমাদের বিকল্প প্রয়োজন। আমরা নাউয়েলকে বিশ্রাম দিয়েছিলাম, সে চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ফিরেছে। আর গঞ্জালোকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কারণ, আমি মনে করি সে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”
“আজ এমন ম্যাচ ছিল, যেখানে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। একই সঙ্গে এই পজিশনে খেলতে পারে এমন একজন সম্ভাবনাময় খেলোয়াড়কে এখানে দেখতে চেয়েছি। পালা (পালাসিওস) ভালো করেছে।”