২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অবনমন এড়ানোর চ্যালেঞ্জে টটেনহ্যামের দায়িত্বে দে জেরবি

ইগর টুডোরের দায়িত্ব ছাড়ার একদিন পর, নতুন কোচ নিয়োগ দিল টটেনহ্যাম হটস্পার।

অবনমন এড়ানোর চ্যালেঞ্জে টটেনহ্যামের দায়িত্বে দে জেরবি
রবের্তো দে জেরবি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 10:58 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ফরাসি ক্লাব মার্সেইয়ের দায়িত্ব ছাড়ার মাস দেড়েক পর, নতুন ঠিকানা বেছে নিলেন রবের্তো দে জেরবি। টটেনহ্যাম হটস্পারের নতুন কোচ এখন সাবেক এই ইতালিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। 

দীর্ঘ-মেয়াদী চুক্তিতে ৪৬ বছর বয়সী দে জেরবিকে নিয়োগ দেওয়ার কথা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ইংলিশ গণমাধ্যমের খবর, চুক্তিটা পাঁচ বছরের।

ভীষণ কঠিন সময়ে টটেনহ্যামের দায়িত্ব নিলেন তিনি। শীর্ষ লিগ থেকে অবনমনের ঝুঁকিতে আছে দলটি। ১৯৭৭ সালের পর আর এই তেতো স্বাদ তাদের পেতে হয়নি।

প্রিমিয়ার লিগের টেবিলে তারা আছে ১৭তম স্থানে, অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট ওপরে। বাকি আছে আর সাত রাউন্ড।

ইগর টুডোরের স্থলাভিষিক্ত হলেন দে জেরবি। গত রোববার ‘পারস্পরিক সম্মতিতে’ ৪৭ বছর বয়সী টুডোরের দায়িত্ব ছাড়ার কথা জানায় টটেনহ্যাম। এই ক্রোয়াট কোচের ৪৪ দিনের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের পাঁচটিতেই হারে দলটি। 

গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম প্রিমিয়ার লিগে পরের ম্যাচ খেলবে আগামী ১২ এপ্রিল, সান্ডারল্যান্ডের বিপক্ষে। ততদিনে তারা পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তিনটি দলের মধ্যে চলে যেতে পারে।