১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ফুটবল ঈশ্বর' মেসিকে আরও ট্রফি জেতাতে মায়ামিতে কাজেমিরো

‘এই ক্লাবে এসেছি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে’, ইন্টার মায়ামিতে যোগ দিয়ে বললেন ব্রাজিলিয়ান তারকা কাজেমিরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 03:19 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। ফুটবল ঈশ্বরও বলা যায় তাকে। বিশ্বজুড়ে কোটি কোটি লোকেই এসব বলে থাকেন। তবে কাজেমিরোর মতো একজন যখন বলেন, সেটির বাড়তি ওজন তো থাকেই! ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ব্রাজিলিয়ান এই তারকা বলছেন, মেসির সমৃদ্ধ ক্যারিয়ারে আরও ট্রফি জিততে সহায়তা করার জন্যই তিনি এই ক্লাবে এসেছেন। 

রেয়াল মাদ্রিদে ৯ বছর ও ম্যানচেস্টার ইউনাইটেডে ৪ বছর কাটিয়ে কাজেমিরো সম্প্রতি নাম লিখিয়েছেন ইন্টার মায়ামিতে। তখনই তিনি বলেছিলেন, মেসির সঙ্গে খেলার তাড়না থেকেই এই ক্লাবকে বেছে নিয়েছেন তিনি।

নতুন ক্লাবে পরিচিতি পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার বৃহস্পতিবার আবার বললেন, অন্য অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও মেসির টানেই তিনি এখানে এসেছেন।

“আমার কথা বললে, নিঃসন্দেহে এখানে এসেছি সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে। আমি উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, কারণ তিনি একজন বিজয়ী। 

সেখানেই এসেছি আমি, যেখানে থাকতে চেয়েছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছি ফ্রি এজেন্ট হিসেবে। ইতালিতে যাওয়ার সুযোগ ছিল আমার, বিভিন্ন জায়গায় অন্যান্য দলেও সুযোগ ছিল, কিন্তু সেখানেই এসেছি, যেখানে থাকতে চেয়েছিলাম... তার সঙ্গে থাকাটা আমি উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে এবং তাকে আরও বড় করে তুলতে চাই। তিনি ফুটবলের অন্যতম, এমনকি ঈশ্বরও হতে পারেন এবং আমি তাকে সাহায্য করতে চাই।”

রেয়াল মাদ্রিদের দিনগুলিতে মেসির বিপক্ষে অনেকবারই খেলতে হয়েছে কাজেমিরোকে। মেসিকে সামলানোর দায়িত্বও নিতে হয়েছে। ব্রাজিলের জার্সিতেও কাজটি করতে হয়েছে কয়েকবার। তাই খুব ভালো করেই জানেন, কাজটি কত কঠিন। রেয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৮টি ট্রফি জয়ী তারকা এখন রোমাঞ্চিত মেসিকে সতীর্থ হিসেবে পেয়ে।

“মেসি আমাকে মাঠে যে পরিমাণ সমস্যায় ফেলেছে, তাতে অবশ্যই আমি তার সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। সবসময় সেরাদের সঙ্গে খেলতে চেয়েছি। কখনোই তাকে থামাতে পারিনি আমি, তাকে থামতে সবসময় সতীর্থদের সাহায্যের প্রয়োজন হতো। আমি খুব খুশি যে এখন তার সঙ্গে আছি এবং তার সঙ্গে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।”