১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টটেনহ্যামে থেকেও ‘নেই’ রিশার্লিসন

চলতি মৌসুমের প্রথমার্ধে প্রিমিয়ার লিগে ২৯ বছর বয়সী এই ফুটবলারের আর খেলার সুযোগ নেই।

টটেনহ্যামে থেকেও ‘নেই’ রিশার্লিসন
রিশার্লিসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 12:06 AM

Updated : 17 Sep 2026, 02:54 AM

প্রিমিয়ার লিগের প্রথম ভাগের জন্য রিশার্লিসনকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে টটেনহ্যাম হটস্পার। 

গত সপ্তাহে টটেনহ্যামের কোচ রবের্তো দে জের্বি জানান, অন্য ক্লাবে যোগ দিতে চান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার সাবেক ক্লাব এভারটনে যাওয়ার জোর সম্ভাবনাও তৈরি হয়; কিন্তু গত মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো শেষের আগে সেটা আর আলোর মুখ দেখেনি।

ফলে চলতি মৌসুমের প্রথমার্ধে ইংল্যান্ডের শীর্ষ লিগে ২৯ বছর বয়সী এই ফুটবলারের আর খেলার সুযোগ নেই।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টটেনহ্যামের চলতি মৌসুমের পরিকল্পনায় যে নেই রিশার্লিসন- সেই কথা আগেই তাকে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। 

২০২২ সালের গ্রীষ্মে এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেন রিশার্লিসন। গত দুই মৌসুম ভীষণ বাজে সময় কাটে লল্ডনের ক্লাবটির, গত মৌসুমে তো কোনোমতে শেষ দিনের জয়ে অবনমন এড়ায় তারা। তবে দলের বাজে সময়ের মাঝেও সেরা পারফর্মার ছিলেন তিনি; লিগে গত আসরে ৩২ ম্যাচ খেলে দলের সর্বোচ্চ ১১টি গোল করেন তিনি, সঙ্গে চারটি অ্যাসিস্ট।  

টটেনহ্যামের সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন রিশার্লিসন। ধারণা করা হচ্ছে, সামনের কয়েক দিনের মধ্যে তিনি হয়তো তুরস্ক কিংবা সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিতে পারেন, কেননা এই দুই দেশে এখনও ট্রান্সফার উইন্ডো খোলা আছে।