Published : 25 Jun 2026, 11:06 PM
যে বয়সে ফুটবলাররা কোচিং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকেন, সেই বয়সে এখনও খেলোয়াড়ী জীবনে মনযোগী কাজুইয়োশি মিউরা। জাপানের এই গ্রেট পেশাদার ফুটবলে তার ৪২তম মৌসুম খেলবেন এবং বুট পরেই ষাটের কোঠায় পা রাখবেন। জাপানের তৃতীয় স্তরের দল ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ধারের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন তিনি।
জাপানে ‘কিং কাজু’ নামে পরিচিত ৫৯ বছর বয়সী এই ফুটবলার গত ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমায় যোগ দেন। ২০২৬ সালের শুরুতে ছয়টি ম্যাচ খেলার পর, আগামী মৌসুমে জে-৩ লিগের এই ক্লাবের সঙ্গেই থাকবেন তিনি।
“ফুকুশিমা ইউনাইটেড এফসির হয়ে পথচলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার তীব্র উদ্দীপনা নিয়ে জ্বলে উঠব এবং দলকে জে-২তে তোলার জন্য প্রতিদিনের অনুশীলনে আমার সেরাটা দেব।”
আগামী বছরের ফেব্রুয়ারিতে মিউরার বয়স ৬০ বছর পূর্ণ হবে। সবশেষ তিনি খেলেছেন এই মাসের শুরুতে, সেদিন ৫৯ বছর তিন মাস ১২ দিন বয়সে মাঠে নেমে সবচেয়ে বেশি বয়সে পেশাদার লিগে খেলার নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি।
মিউরার অভিষেক হয় ১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। এর চার বছর আগে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নে সেখানে পাড়ি জমান তিনি। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ইতালির জেনোয়া, ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব, অস্ট্রেলিয়ার সিডনি এফসির মতো ক্লাবে খেলেছেন। এছাড়া পর্তুগালের অলিভেইরেন্সের হয়েও খেলেছেন।
পেশাদার ফুটবলে অভিষেকের চার বছর পর তিনি ডাক পান জাতীয় দলে। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৯ ম্যাচে গোল করেছেন ৫৫টি। ১৯৯৮ সালে জাপানের প্রথম বিশ্বকাপ দল থেকে তার বাদ পড়াটা ছিল আলোচিত ঘটনা। ২০০০ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।