Published : 14 Aug 2026, 11:40 PM
নতুন মৌসুমে সৌদি প্রো লিগে আল নাস্রের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরার পথ খুলে দিলেন অ্যাঞ্জ পস্তেকগ্লু। দলটির নতুন কোচ বললেন, পর্তুগিজ মহাতারকা ‘সবসময় প্রস্তুত।’
ঘরের মাঠে শনিবার আল ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আল নাস্র। গত মাসে দলটির কোচ হিসেবে নিয়োগ পাওয়া পস্তেকগ্লুর প্রথম ম্যাচ হবে এটি।
পর্তুগালে গত মঙ্গলবার জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ১০ বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে রূপ দেন রোনালদো। এর একদিন পরই, বৃহস্পতিবার আল নাস্রের অনুশীলনে ফেরেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। ক্লাবের প্রকাশিত এক ভিডিওতে তাকে স্বাগত জানান কোচ, “স্বাগতম এবং অভিনন্দন ক্রিস; তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ রইল, বন্ধু।”
প্রথম ম্যাচে রোনালদো খেলতে পারেন কি না, জানতে চাইলে শুক্রবার অস্ট্রেলিয়ান কোচ বলেন, “রোনালদো সবসময় প্রস্তুত।”
পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২৫তম মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ফেরার পর রোনালদোকে নতুন ‘হেয়ারকাটে’ দেখা গেছে। এক হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটছেন তিনি। ক্লাব ও দেশের হয়ে এক হাজার ৩২৬ ম্যাচে তার গোল এখন ৯৭৬টি।
গত মৌসুমে সৌদি প্রো লিগে ২৮টি গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসর শেষ করেন রোনালদো।