২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভিনিসিউসকে না পেয়ে ‘উপযুক্ত’ ফুটবলারের খোঁজে আর্সেনাল

বাজারে থাকা উপযুক্ত ফুটবলারদের দলে নিতে মুখিয়ে আছে আর্সেনাল, বললেন কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 10:52 AM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ভিনিসিউসক জুনিয়রের সঙ্গে রেয়াল মাদ্রিদের চুক্তি নিয়ে টানাপোড়েনে নিবিড় মনোযোগ রাখছিল আর্সেনাল। সেখানে বনিবনা না হলেই ঝাঁপিয়ে পড়ত তারা। কিন্তু সেই আশা ভেস্তে যাওয়ার পর ইংলিশ চ্যাম্পিয়নরা এখন খুঁজছেন বিকল্প। যথাযথ কাউকে দলে নিতে তারা মুখিয়ে আছে বলে জানালেন কোচ মিকেল আর্তেতা।

চুক্তি নিয়ে গত মৌসুম থেকেই রেয়ালের সঙ্গে দল কষাকষি চলছিল ভিনিসিউসের। বিশ্বকাপের পর সম্প্রতি তা পৌঁছেছিল উত্তুঙ্গে। শেষ এক সপ্তাহ ধরে তীব্র জল্পনা-কল্পনার পর, গত বৃহস্পতিবার বড় অঙ্কের নতুন চুক্তিতে স্বাক্ষর করেন ব্রাজিলিয়ান তারকা। 

ইউরোপের সফলতম ক্লাবে ভিনিসিউসের ছয় বছরের নতুন চুক্তির পর আর্সেনাল এখন মনোযোগ দিচ্ছে অন্য লক্ষ্যের দিকে। তা না পেলেও সম্প্রতি আরেক ব্রাজিলিয়ানকে দলে যোগ করতে পেরেছে তারা, যাকে খুব করে চাইছিলেন কোচ আর্তেতা। নিউক্যাসল ইউনাইটেড থেকে নিয়ে আসা হয়েছে ব্রুনো গিমারাইসকে। 

দলে আরও ফুটবলার যোগ করা উচিত কি না, এই প্রশ্নে আর্তেতার স্পষ্ট জবাব, “হ্যাঁ, আমরা সেটাই করার চেষ্টা করছি। আমাদেরকে আরও ভালো করে তোলার জন্য বাজারে থাকা উপযুক্ত ফুটবলারকেই দলে নিতে হবে। আমরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

গিমারাইসকে আনা হলেও আর্সেনালের লেফট উইংয়ে মানসম্পন্ন ফুটবলারের ঘাটতি আছে বলেই মনে করা হয়, যেজন্য তারা ভিনিসিউসের দিকে তাকিয়ে ছিলেন। এছাড়া উইলিয়াম সালিবা চোটের কারণে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়াতেও একটি সঙ্কটে পড়েছে আর্সেনাল। প্রাক-মৌসুম প্রস্তুতিতে টানা দুই ম্যাচে তিনটি করে গোল হজম করে হেরেছে তারা রেয়াল বেতিস ও বরুশিয়া ডর্টমুন্ডের কাছে। ভালো মানের একজন ডিফেন্ডারও তাই প্রয়োজন হতে পারে তাদের।

আর্তেতা আপাতত জানালেন সালিবার খবর।

“সালিবা এই মুহূর্তে দুই সপ্তাহের জন্য বিশ্রামে আছে। চোটটি গুরুতর হওয়ায় তাকে প্রায় কিছুই করতে হয়নি বা কিছু করতে পারছে না আপাতত। তাই সেরে উঠতে কিছুটা সময় লাগবে। আমরা তা জানি। আরও খবর পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাব।”