১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিক খেলবেন এখন লিওঁতে

নিয়মিত খেলার সুযোগ পেতে এবং ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি দিলেন তরুণ ফরোয়ার্ড।

রেয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এন্দ্রিক খেলবেন এখন লিওঁতে
ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

রেয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় এন্দ্রিকের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। বছরের শেষ প্রান্তে এসে সেটা সত্যি হলো। তবে পাকাপাকিভাবে ঠিকানা পাল্টাননি তিনি। ধারের চুক্তিতে মৌসুমের বাকি সময়টা ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওঁতে খেলবেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

উভয় ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার রাতে খবরটি নিশ্চিত করা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে পালমেইরাস থেকে ছয় বছরের চুক্তিতে রেয়াল মাদ্রিদে যোগ দেন এন্দ্রিক। অভিষেকেই নজর কাড়েন তিনি; রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বদলি নেমেই করেন গোল।

গত মৌসুমে কার্লো আনচেলত্তির কোচিংয়ে বেশিরভাগ সময়ই বদলি হিসেবে খেলতে হয় ১৯ বছর বয়সী এই ফুটবলারকে। তবুও ৩৭ ম্যাচে সাত গোল করে সম্ভাবনার ঝলক দেখান এন্দ্রিক। 

চলতি মৌসুমে শাবি আলোন্সোর কোচিংয়ে এন্দ্রিক সুযোগ পেয়েছেন আরও কম। খেলতে পেরেছেন কেবল তিনটি ম্যাচে, এর মধ্যে দুটিতেই বদলি হিসেবে অল্প সময়ের জন্য।

নিয়মিত মাঠে নামার আশায় তাই এবার ফ্রান্সে পাড়ি দিলেন ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলা এন্দ্রিক।