২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপ থেকে বিদায় নিয়ে দলে যে ঘাটতি দেখছেন আর্সেনাল কোচ

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, স্নায়ুচাপ সামলাতে পারেনি তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

এমনিতেই প্রথম লেগে হেরে পিছিয়ে ছিল আর্সেনাল। তাই প্রবল চাপ নিয়ে দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু সেই চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেনি লন্ডনের দলটি। লিগ কাপ থেকে বিদায় নেওয়ার পর কোচ মিকেল আর্তেতা বললেন, স্নায়ুচাপে নুয়ে পড়েছে তার দল।

প্রতিপক্ষের মাঠে বুধবার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে যায় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পিছিয়ে বাদ পড়ে যায় প্রতিযোগিতা থেকে। তাদেরকে আরেকবার হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নিউক্যাসল।

মাসখানেক আগে ঘরের মাঠের ২-০ গোলে হেরে যাওয়া আর্সেনালের এদিন অন্তত ৩ গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল। সেই আশা নিয়ে মাঠে নেমে উল্টো হারের তেতো স্বাদ পেল তারা। কয়েকটি সুযোগ অবশ্য এসেছিল তাদের সামনে। কিন্তু এর একটিও কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচ শেষে আর্তেতা বললেন, জয়ের আত্মবিশ্বাসের জন্য শুরুতেই এগিয়ে যাওয়া প্রয়োজন ছিল তাদের। কিন্তু সেটা তারা পারেননি।

“ঘুরে দাঁড়াতে পারব এই বিশ্বাসের জন্য আমাদের মোমেন্টাম তৈরি করা দরকার ছিল, বিশেষ করে প্রথমার্ধে। আমরা সুযোগ পাই, দুটি বড় সুযোগ…তারা গোলটি করার পর স্পষ্টই ম্যাচের দিক বদলে যায়।”

“এরপর আমাদের মাথা ঠান্ডা রেখে যত তাড়াতাড়ি সম্ভব গোল করতে হতো। প্রথমার্ধে আমরা সেটা করতে পারিনি…দ্বিতীয়ার্ধে আমরা ভুগতে শুরু করি। ম্যাচ আমাদের থেকে দূরে সরে যেতে শুরু করে।”

ম্যাচ বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। আক্রমণেও খারাপ করেনি তারা। তবে সুযোগ পেলে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়াতে ভুল করেনি নিউক্যাসলও। তাই চাপে থাকতে হয়েছে আর্সেনালের রক্ষণভাগকেও। আর্তেতা বললেন, সেই চাপ সামাল দিতে ব্যর্থ হয়েছে তার দল।

“এটা সত্যি যে আজ আমরা একটু অগোছালো ছিলাম, বিশেষ করে লড়াই যখন আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণত আমরা অনেক বেশি শান্ত থাকি, আজ সেখানে কিছুটা ঘাটতি ছিল এবং ম্যাচটি আমাদের থেকে দূরে চলে যায়।”