Published : 16 Oct 2025, 01:18 PM
আরেকটি বিশ্বকাপ, আবার স্বপ্ন পূরণের হাতছানি! বিশ্বকাপ শব্দটি এতদিন শুধু বুকে কষ্ট হয়েই বিঁধেছে হুলেন লোপেতেগির। এখন সেখানেই সুখের ছোঁয়া। কাতারকে বিশ্বকাপে পৌঁছে দিয়ে স্প্যানিশ এই কোচ এখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভোলার অপেক্ষায়।
সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে মঙ্গলবার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কাতার। গত বিশ্বকাপে স্বাগতিক হিসেবে খেলা দেশটি প্রথমবার বিশ্বকাপ খেলবে বাছাই পেরিয়ে।
ম্যাচ জিতে ফুটবলাররা যখন উল্লাসে মেতে উঠেছেন, কোচ লোপেতেগি তখন ফিরে গেছেন সাত বছর আগে।
তার কোচিংয়ে বাছাইয়ে অসাধারণ পারফর্ম করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল স্পেন। অপ্রতিরোধ্য পথচলায় ১০ ম্যাচের ৯টি জিতেছিল তারা, ড্র হয়েছিল বাকি ম্যাচটি। ৩৬ গোল করে হজম করেছিল স্রেফ তিন গোল।
কিন্তু বিশ্বকাপের আগেই জানা যায়, বিশ্ব আসর শেষে রেয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন তিনি। ছড়িয়ে পড়ে তুমুল বিতর্ক। রাশিয়া বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের দুই দিন আগে অবিশ্বাস্যভাবে বরখাস্ত করা হয় কোচকে।
১৯৯৪ বিশ্বকাপের স্পেন স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি। পরে কোচ হিসেবেও বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি।
এবার সেই আক্ষেপ ঘুচবে বলে তার কণ্ঠে তৃপ্তির সুর। ৫৯ বছর বয়সী কোচ অকপটেই বললেন, স্পেনের অভিজ্ঞতা তিনি ভোলেননি।
“মনে হচ্ছে, জীবনে একটি বিশ্বকাপ পাওনা ছিল আমার। সৌভাগ্যবশত, তা পেলাম। আরেকটি বিশ্বকাপে পৌঁছানোর তাড়না আমার ছিল এবং এখানে আসার সিদ্ধান্তের পেছনে সেটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল।”
“কয়েক বছর আগে যা হয়েছে, এরপর বিশ্বকাপে যেতে আমি রোমাঞ্চিত এবং এবার কাতারের হয়ে সেই স্বাদ নেওয়ার সময় হলো।”
রেয়াল মাদ্রিদে সেই দায়িত্বে অর্ধেক মৌসুমও থাকতে পারেননি তিনি। টানা বাজে ফলের পর বরখাস্ত হন তিন মাসেই। পরে সেভিয়া, উলভারহ্যাম্পটন, ওয়েস্ট হ্যামের কোচের দায়িত্বে থেকে আবার জাতীয় দলে ফেরেন গত মে মাসে।
অভিজ্ঞ কোচ জানালেন, বিশ্বকাপের মঞ্চে পা রাখার স্বপ্ন থেকেই দায়িত্বটি নিতে আগ্রহী ছিলেন তিনি।
“এই মুহূর্তটির জন্য আমরা মাসের পর মাস ধরে ঘাম ঝরাচ্ছিলাম, অবশেষে সবকিছু দারুণভাবে হলো। দেশের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত, আগে কখনোই যা অর্জন করা যায়নি। এই আবহ অসাধারণ, আমরা খুবই খুশি।”