২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘শিক্ষা নিয়ে’ আতলেতিকোর হয়ে মাঠে নামতে যাচ্ছেন আলভারেস

দিয়েগো সিমেওনে আশাবাদী, আগের মতোই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তারকা ফরোয়ার্ড।

‘শিক্ষা নিয়ে’ আতলেতিকোর হয়ে মাঠে নামতে যাচ্ছেন আলভারেস
আতেলতিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 10:05 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

‘স্বপ্ন পূরণ করতে’ দল বদলের ইচ্ছার কথা হুলিয়ান আলভারেস জানানোর পর থেকেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার সম্পর্কের ‘অবনতি’ ঘটে। ক্লাবের সমর্থকদের কাছে ভীষণ অপছন্দের পাত্র হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে তার বার্সেলোনার যাওয়াটা কেবলই সময়ের ব্যপার মনে হলেও, বাস্তবে তা হয়নি। তাতে আতলেতিকো শিবিরে তার জন্য সবকিছু অসহনীয় হয়ে উঠতে পারে। দলটির কোচ দিয়েগো সিমেওনে অবশ্য আশাবাদী, আগের মতোই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তারকা ফরোয়ার্ড।

আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জিততে এবং গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করা আলভারেস এবারের আসর চলার মাঝে জানান, তিনি অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা ক্লাবকে জানিয়ে দিয়েছেন। সেই থেকেই ক্লাবের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে অবশ্য ঠিক সময়েই ক্লাবে যোগ দেন আলভারেস। কিন্তু এখানে তার অবস্থান আগের মতো ছিল না।

লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় তাকে দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও তাকে বিদ্রূপ শুনতে হয়। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামার পর আরও জোরাল হয় দুয়োধ্বনি। এই বিরূপ পরিস্থিতির প্রভাবও পড়ে তার ওপর; তাকে সেদিন খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল।

ওই ঘটনার পর, দলের তৃতীয় ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলেননি আলভারেস। ওই সময় তিন দিন অনুশীলনও করেননি তিনি। ওই সময়ের মাঝেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোনোভাবেই বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না এই স্ট্রাইকারকে।

তখন হঠাৎ করেই তার আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যায়, যদিও তা বাস্তবতার মুখ দেখেনি। এবারের ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে গত মঙ্গলবার, এরপর শনিবার প্রথম মাঠে নামতে যাচ্ছে আতলেতিকো, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

আগের দিন সিমেওনে জানালেন, এই ম্যাচে খেলতে প্রস্তুত আলভারেস।

“হুলিয়ান আরভারেস আগামীকালকের স্কোয়াডে থাকবে। সে ভালোমতো অনুশীলন করছে এবং আমরা তার থেকে সেরাটা প্রত্যাশা করি, ঠিক যেমনটা আমরা তার সব সতীর্থের কাছ থেকে চাই। আমার কাছে, জীবন অনেক সুযোগে ভরপুর। আর হুলিয়ানের সামনে এখন নতুন সুযোগ।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দিয়ে দলটির হয়ে ১০৭ ম্যাচ খেলে ৪৯টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন আলভারেস। আগামীতেও এই ধারা তিনি ধরে রাখবেন, আশা প্রকাশ করেন কোচ।

“জীবনের অনেকটা সময় আমরা বিচার করে কাটিয়ে দিই, আমাদের সেসব কম করা উচিত এবং বেশি বেশি শিক্ষা নেওয়া উচিত। আশা করি, এই ঘটনা তার জীবনে একটা শিক্ষনীয় অভিজ্ঞতা হবে।

“আমি আশা করি, সে এখানে ভবিষ্যতে খুশি থাকবে, (পাওলো) ফুত্রে (আতলেতিকো মাদ্রিদের ফুটবল পরিচালক) যেমন তাকে গতকাল দারুণ একটা ভিডিওর মাধ্যমে সেই কথাই বলেছেন… যেন সে গোল করার মাধ্যমে এটা দেখায়।”

কয়েকদিন আগেও সিমেওনে বলেন, সব টানাপোড়েন শেষে আলভারেস যেন এই ক্লাবে আগের মতোই নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন মনে করে, সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করবেন তিনি।