১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

এই ইতালিয়ানের কোচিংয়ে এবারের বিশ্বকাপ ভালো না কাটলেও, তার ওপরই পরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে সিবিএফ।

দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 04:34 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ইতালির জাতীয় পুরুষ দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করলেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে জানালেন, ওই প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ। ব্রাজিলের দায়িত্বের প্রথম বছরে যে সমর্থন পেয়েছেন, সেটাকে উপেক্ষা করতে চাননি তিনি।  

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর, এখনও জাতীয় দল পুনর্গঠনের চেষ্টা করছে ইতালি। সেই লক্ষ্যেই শুরুতে আনচেলত্তিকে কোচ করতে চেয়েছিল তারা। তাকে সরাসরি প্রস্তাবও দেন ইতালির ফুটবল ফেডারেশনের স্বল্প মেয়াদের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি, যার সঙ্গে আনচেলত্তি এসি মিলানে খেলেছেন এবং পরবর্তীতে তাকে আবার কোচিংও করিয়েছেন।

গত সপ্তাহে মালদিনি নিজেও আনচেলত্তিকে প্রস্তাব দেওয়ার কথা জানান। আর বুধবার ইসপিএনকে সেটাই নিশ্চিত করেন আনচেলত্তি।

“(ইতালির দায়িত্ব না নেওয়ার কারণ) চুক্তির কোনো ব্যাপার নয়; এটা কারণ নয়। কারণ হলো, সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) ও এই দেশের সঙ্গে আমার একটা অঙ্গীকার আছে, কারণ এখানে প্রথম বছরে তারা আমাকে দারুণ উষ্ণতায় স্বাগত জানিয়েছে। 

“আমি এখানে থাকতে চাই। অবশ্যই ইতালিয়ান ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু আমি এখানে থাকতে চাই। কারণ আমি মনে করি, যে দেশের মানুষ, যে সংস্থা আমাকে উষ্ণতায় স্বাগত জানিয়েছে, এবং আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, সেখানে থেকে যাওয়া শ্রেয়।”

ক্লাব ফুটবলের দারুণ সফল এই কোচের হাত ধরে এবারের বিশ্বকাপ অবশ্য একদমই ভালো কাটেনি ব্রাজিলের। নরওয়ের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় তারা। তবে আগামী বিশ্বকাপ পর্যন্ত তার ওপরই ভরসা রেখেছে সিবিএফ।

আনচেলত্তি ‘না’ বলার পর, পেপ গুয়ার্দিওলাও ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সম্ভাবনা জাগে আন্দ্রেয়া পিরলোর দায়িত্ব নেওয়ার। সেটাও আলোর মুখ দেখেনি। 

পরে রবের্তো মানচিনিকে দ্বিতীয় মেয়াদে ফিরিয়েছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।