১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভিলা ছেড়ে আর্সেনালের পথে কন্সা

এই ডিফেন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে অ্যাস্টন ভিলার সঙ্গে আর্সেনালের সমঝোতা হওয়ার খবর দিয়েছে বিবিসি।

ভিলা ছেড়ে আর্সেনালের পথে কন্সা
সতীর্থ আইভান টনির সঙ্গে মাঠ ছাড়ছেন এজরি কন্সা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 10:26 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

গত সপ্তাহেও আলোচনা চলছিল, কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। এবার এসেছে নতুন খবর। এজরি কন্সাকে পাওয়ার ব্যাপারে অ্যাস্টল ভিলার সাথে সমঝোতা হয়েছে আর্সেনালের।

বিবিসি বুধবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কন্সাকে দলে ভেড়াতে আর্সেনালের খরচ হবে পাঁচ কোটি ইউরোর বেশি। এমিরেটস স্টেডিয়ামের দলটিতে যোগ দেওয়ার আগে এই ইংলিশ ডিফেন্ডারের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে বিবিসি জানিয়েছিল, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছিল, কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। এরপর আর্সেনাল বেয়ার লেভারকুজেনের জ্যারেল কুয়ান্সাকে দলে ভেড়ানোর চেষ্টা করে। 

এরপর আর্সেনাল ফের কন্সাকে দলে আনার দিকে মনোযোগ ফেরায়। তাতে দুই পক্ষের মধ্যে বনিবনাও হয়ে গেছে। ২০১৯ সালে ভিলায় যোগ দেওয়া কন্সা এ পর্যন্ত দলটির হয়ে খেলেছেন সাত মৌসুম। এই সময়ে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার মাঠে নেমেছেন ২৮৬ ম‍্যাচে।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিলার হয়ে ৪৮ ম্যাচ খেলেন কন্সা। দুটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তিনি। উনাই এমেরির দলের ইউরোপা লিগ জেতা এবং প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করায় দারুণ অবদান ছিল কন্সার।

২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খেলেন কন্সা। তবে, ইংল্যান্ডের মতো তারও বিশ্বকাপ অভিযান সুখের হয়নি দল সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়ায়। তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করে ইংল‍্যান্ড।

বিশ্বকাপের পর কন্সাকে চার সপ্তাহের ছুটি দিয়েছিলেন ভিলা কোচ উনাই এমেরি। ফলে, প্রাক-মৌসুমের প্রস্তুতিতে দলের সাথে ছিলেন না এই ডিফেন্ডার। উয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচও খেলা হয়নি তার।