১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুরুর একাদশে কেন ছিলেন না সন?

তুমুল আলোচিত সিদ্ধান্তের পেছনে নিজেদের ভাবনা তুলে ধরেছেন হং মিয়ুং-বো।

শুরুর একাদশে কেন ছিলেন না সন?
দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 12:49 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক হিউং-মিন সনকে শুরুর একাদশে না রেখে বিস্ময় ছড়ায় দক্ষিণ কোরিয়া। মুহূর্তেই তা জন্ম দেয় তুমুল আলোচনার। ম্যাচ শেষে নিজেদের এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন এশিয়ার দলটির কোচ হং মিয়ুং-বো।

মূলত, সনকে শুরুর একাদশে না রাখা দক্ষিণ কোরিয়ার কৌশলগত সিদ্ধান্ত ছিল। যদিও সেটা কাজে লাগেনি। বিশ্বকাপে টানা ১২ ম্যাচ পর শুরুর একাদশে জায়গা না পাওয়া সন দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। আসরের প্রথম দুই ম্যাচেও বেশ বিবর্ণ ছিলেন ৩৩ বছর বয়সী তারকা।

মন্তেরেই স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচটি ১-০ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়া। ৬৩তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন দক্ষিণ আফ্রিকার থাপেলো মাসেকো।

এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে বিশ্বকাপে প্রথমবারে মতো নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। কোরিয়ার আশা এখনও শেষ হয়ে যায়নি। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে তারা। এবারের বিশ্বকাপে গ্রুপের তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে শেষ বত্রিশের টিকেট।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই সনকে শুরুর একাদশে না খেলানো নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কোরিয়া কোচ হংকে। কি ভাবনায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, সেটা খোলাসা করেন তিনি।

“আমরা ভেবেছিলাম প্রতিপক্ষ যখন পূর্ণ শক্তিতে থাকবে তখন সনকে না খেলিয়ে পরে নামানো ভালো হবে। ম্যাচের শেষ দিকে যখন তাদের শক্তি কমে আসবে এবং মাঠে আরও ফাঁকা জায়গা তৈরি হবে, তখন তাকে কাজে লাগানো যাবে। আমরা চেয়েছিলাম, প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়লে সনকে ব্যবহার করতে।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করলেই পরের ধাপে খেলা নিশ্চিত হয়ে যেত দক্ষিণ কোরিয়ার। এদিন ফেভারিট হিসেবেও মাঠে নেমেছিল তারা। কিন্তু নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি দলটির ফুটবলাররা।

হং মিয়ুং-বোর মতে, সামর্থ্যের ধারেকাছেও যেতে পারেনি দক্ষিণ কোরিয়া।

“আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগের ম্যাচগুলোর তুলনায় আজ মাঝমাঠে অনেক বেশি ভুল করেছি আমরা। এই কারণে আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। কীভাবে খেলতে হবে আমরা জানতাম, কিন্তু আমাদের আরও ভালো খেলতে হতো। আজকের পারফরম্যান্স স্রেফ যথেষ্ট ভালো ছিল না।”