রেকর্ড ট্রান্সফার ফিতে সিটিতে যাচ্ছেন ফের্নান্দেস, খবর বিবিসির
ক্যারিয়ারে দুইবার ১০ কোটি পাউন্ডের বেশি মূল্যে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড় হবেন ২৫ বছর বয়সী এই তারকা।
নতুন ঠিকানায় যাচ্ছেন এন্সো ফের্নান্দেস। বিবিসির খবর, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে দলে নিতে চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি।
এজন্য সিটির খরচ হচ্ছে সাড়ে ১২ কোটি পাউন্ড, যা ব্রিটিশ ট্রান্সফার ফির যৌথ রেকর্ড। গত গ্রীষ্মের দলবদলে নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাককে নিতে লিভারপুলেরও খরচ হয়েছিল সমান অর্থ।
২০২৩ সালে বেনফিকা থেকে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১০ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন ফের্নান্দেস। ক্যারিয়ারে দুইবার ১০ কোটি পাউন্ডের বেশি মূল্যে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড় হবেন ২৫ বছর বয়সী এই তারকা।
বিবিসি লিখেছে, সিটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের আগে ফের্নান্দেস এখন মেডিকেল পরীক্ষা করাবেন এবং চুক্তির ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনো সমস্যা হবে না।
সিটির বর্তমান কোচ এন্টসো মারেস্কা চেলসির দায়িত্বে থাকাকালীন ফের্নান্দেসের সঙ্গে কাজ করেছেন। এই গ্রীষ্মে সিটি বেশ কয়েকজন মিডফিল্ডারকে হারানোর পর, মারেস্কা এখন আবার তার সঙ্গে কাজ করতে আগ্রহী।
গত রোববার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে চেলসির ৪-৩ গোলে জয় ও এর তিন দিন আগে লিগ কাপে লুটনের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে ফের্নান্দেস ছিলেন না। আর্জেন্টিনার গণমাধ্যমে তখন বলা হয়, তিনি স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।
ফের্নান্দেসকে দলে নিয়ে সিটি তাদের নিজেদের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডও ভাঙবে। গত জুলাইয়ে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে তারা দলে নেয় ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে।
চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭০ ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন ফের্নান্দেস। ২০২৫-২৬ মৌসুমে দারুণ খেলেছেন তিনি, যেখানে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি গোল ও সাতটি অ্যাসিস্ট করে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেন তিনি।
২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি, শেষ ষোলো ও সেমি-ফাইনালে গোল করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন এই ফুটবলার। ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা।
