২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘জাদুকরি’ অর্জনের রাতে আর্সেনালের ‘সেরা ভিটামিন’

চেলসিকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত আর্সেনালের কোচ মিকেল আর্তেতা।

‘জাদুকরি’ অর্জনের রাতে আর্সেনালের ‘সেরা ভিটামিন’
আর্সেনালের গোলের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 12:50 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

এমনিতেই ছিল প্রচণ্ড ঠাণ্ডা। সঙ্গে যোগ হলো বৃষ্টি। শীতে জবুথবু সেই রাতেই আর্সেনাল পেল উষ্ণ সাফল্যের আলিঙ্গন। চেলসিকে আরেক দফায় হারিয়ে পৌঁছে গেল তারা লিগ কাপের ফাইনালে। পাঁচ বছর পর বড় কোনো কাপ ফাইনালে উঠে উচ্ছ্বসিত কোচ মিকেল আর্তেতা বলছেন, এই সাফল্য তাদের ‘ভিটামিন’ হিসেবে কাজ করবে সামনের পথচলায়।

লিগ কাপ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার নির্ধারিত সময় শেষে ম্যাচ ছিল গোলশূন্য। যোগ করা সময়ের সপ্তম মিনিটে কাই হাভার্টজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ম্যাচ ড্র হলেও চলত। প্রথম লেগে তারা জিতেছিল ৩-২ গোলে। তবে ঘরের মাঠে জয়, সেটিও শেষ মুহূর্তের গোলে নাটকীয়ভাবে, ফাইনালে ওঠার আনন্দ তাতে বেড়ে যায় অনেকটাই। উৎসবের আবহ বয়ে যায় যেন এমিরেটস স্টেডিয়ামে।

বহু কাঙ্ক্ষিত লিগ শিরোপা জয়ের পথে এবার অনেকটাই এগিয়ে আর্সেনাল। সঙ্গে লিগ কাপের ফাইনালে ওঠার উচ্ছ্বাস মিলিয়ে আর্তেতা যেন উড়ছিলেন। এই সাফল্যকে লিগের পথচলায় প্রেরণা হিসেবে দেখছেন আর্সেনাল কোচ। 

“আমরা এখন মাত্র একটি ম্যাচ দূরে (শিরোপা থেকে)। আমাদের শরীরে সেরা ভিটামিন আমরা এটাই নিতে পারি, কারণ প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। এই মুহূর্তগুলি অর্জন করতে এতটা পরিশ্রম করতে হয়েছে আমাদের… একসঙ্গে এই মুহূর্তগুলির দেখা পাওয়া স্রেফ জাদুকরি ব্যাপার।”

আর্তেতার এখন সুসময়। ছবি: রয়টার্স।

আর্তেতার এখন সুসময়

“ক্লাবে যারা কাজ করে, সবার চোখেমুখে আনন্দ, খুশি, প্রাণশক্তি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এরকম জয় সবদিক থেকেই দারুণ কাজে লাগে। আত্মবিশ্বাস, প্রাণশক্তি… যা কিছু বলতে পারেন।”

ম্যাচের একমাত্র গোলস্কোরার কাই হাভার্টজের জন্য ম্যাচটি ছিল ভিন্ন অনুভূতির। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে বর্তমান ক্লাবকে জেতালেন তিনি। গোল করে জার্সিতে আর্সেনালের প্রতীকে নির্দেশ করে তিনি এখনকার ক্লাবের প্রতি ভালোবাসার জানান দেন। কোচও আলাদা করে তুলে ধরলেন এই ক্লাবে হাভার্টজকে কতটা আপন করে দেখা হয়। 

“শুধু আমিই নই, সবাই কিছুটা হলেও চেনে কাইকে। আমরা সবাই স্পেশালভাবে ওর জন্য খুশি, কারণ সেরাটাই ওর প্রাপ্য। যেভাবে ও কাজ করে, সবাইকে যেভাবে দেখে, সবার সঙ্গে নিত্যদিনের যে আচরণ ওর, সবাই ওর জন্য খুশি।”

“আজকে ওর জন্য ছিল বিশেষ এক মুহূর্ত এবং আশা করি, ও উপভোগ করেছে, কারণ এটা ওর প্রাপ্য।”

লিগ কাপের ফাইনাল আগামী ২২ মার্চ। সেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বা বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড। ফাইনালে উঠে উল্লসিত হলেও আছে সতর্ক অনুভূতিও। দেড় মাস পরের ম্যাচ নিয়ে এখনই রোমাঞ্চে ভেসে যেতে চান না আর্তেতা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সান্ডারল্যান্ডের সঙ্গে লড়বে আর্সেনাল। কোচ এখন তাকিয়ে সেই ম্যাচে। 

“কয়েক সপ্তাহেই আমরা সেখানে যাব (ফাইনালে), ভালোভাবে প্রস্তুতি নেব। তবে এর আগের সময়টায় এই ভাবনা একপাশে সরিয়ে রাখতে হবে আমাদের, কারণ তিন দিন পরই এখানে প্রিমিয়ার লিগের বড় একটি ম্যাচ আছে আমাদের।”