২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের প্রতি লিভারপুলকে চাপে রাখার বার্তা আর্সেনাল কোচের

লিভারপুলের ওপর চাপ ধরে রাখতে মৌসুমের বাকি সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ব্যবধানে পিছিয়ে থেকে নতুন বছর শুরু করেছে আর্সেনাল। এই অবস্থায় নিজেদের সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলতে এবং লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের ওপর চাপ ধরে রাখতে মৌসুমের বাকি সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

১৮ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে আছে আর্সেনাল, লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। আর্তেতার দলের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ বেশি খেলা নটিংহ্যাম ফরেস্ট।

লিগে পরের ম্যাচে বুধবার ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে আর্সেনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের সম্ভাবনা একটু হলেও উজ্জীবিত করতে দলকে টানা জয়ের তাগিদ দিলেন আর্তেতা।

“এটা (শিরোপা দৌড়) আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের নিয়মিত ধাক্কা দিতে হবে, প্রতিদিন…যদি কোনো দল সব ম্যাচ জেতে, তাহলে আমরা তাদেরকে অভিনন্দন জানাব এবং আগামী মৌসুমে মনোযোগ দিব। সেটা যদি না হয় এবং ইতিহাসে এমনটা হয়নি-তাহলে আমরা সেখানটায় থাকব।” 

গত দুই মৌসুমেই দীর্ঘ সময় পর্যন্ত লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষদিকে পথ হারিয়ে রানার্সআপ হয় আর্সেনাল। সেখানে এবার শুরুতেই পিছিয়ে পড়েছে তারা; তবে আর্তেতার মতে তার দল এবার উন্নতির ছাপ রেখেছে।

“এই মৌসুমে আমরা তার প্রমাণ দিয়েছি (উন্নতির ছাপ রেখেছি), আমি এ ব্যাপারে নিশ্চিত। গত মৌসুমে যদি এমনটা ঘটত-যত ম্যাচে আমরা ১০ জন নিয়ে(লাল কার্ডের পর) খেলেছি, স্কোয়াডে যত চোট আঘাত হেনেছে, নিশ্চিত (গত মৌসুমগুলোতেও এমন কিছু হলে) আজকের অবস্থানে তখন থাকতে পারতাম না।”

“তাই, আমি নিশ্চিত দল একধাপ এগিয়েছে। দলটি বেড়ে উঠছে এবং নতুন নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং এখন কম খেলোয়াড় নিয়ে সামনে আরেকটি ম্যাচ। চলো, মোকাবেলা করি।”