১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লিভারপুলের মাঠে রিশার্লিসনের গোলে পয়েন্ট পেল টটেনহ্যাম

ব্যর্থতায় ভরা মৌসুমে লিগে টানা ছয় হারের পর, একটি পয়েন্ট পেল টটেনহ্যাম হটম্পার।

লিভারপুলের মাঠে রিশার্লিসনের গোলে পয়েন্ট পেল টটেনহ্যাম
রিশার্লিসনের যোগ করা সময়ের গোলে লিভারপুলের বিপক্ষে হার এড়িয়েছে টটেনহ্যাম হটস্পার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 12:43 AM

Updated : 26 Aug 2026, 03:10 PM

সত্যিই যেন ফ্রি কিক স্পেশালিস্ট হয়ে উঠেছেন দমিনিক সোবোসলাই। ফ্রি কিক থেকেই এক মাসের গোল খরা কাটালেন তিনি। তবে তার দল পেল না জয়ের স্বাদ। শেষ মুহূর্তে রিশার্লিসনের গোলে লিভারপুলের আঙিনা থেকে মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরল টটেনহ্যাম হটস্পার।

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্রয় হয়েছে।

প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়হীন রইল লিভারপুল। আগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

আর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে লিভারপুল হারে ১-০ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ চার ম্যাচে একটি মাত্র জয় পেয়েছে তারা; এফএ কাপে উলভসের বিপক্ষে ৩-১ গোলে।

লিগে ৩০ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপাধারী লিভারপুল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা। 

হতাশাময় মৌসুমে ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও, দ্রুতই গোল হজম করে টটেনহ্যাম। ১৮তম মিনিটে সোবোসলাইয়ের নৈপুণ্যে এগিয়ে যায় লিভারপুল। 

গোলটিতে অবশ্য দায় ছিল টটেনহ্যাম গোলরক্ষক গিলের্মো ভিকারিওর। প্রায় ২৫ গজ দূর থেকে সোবাসলাইয়ের শট নাগালের মধ্যে থাকলেও আটকাতে পারেননি তিনি, বল তার হাতে লেগে জালে জড়ায়।

সবশেষ তিনি জালের দেখা পেয়েছিলেন গত ১৪ ফেব্রুয়ারি, এফএ কাপে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে।

চলতি মৌসুমে এই নিয়ে সরাসরি ফ্রি কিকে পাঁচটি গোল করলেন সোবোসলাই। লিভারপুলের জার্সিতে ২০১২-১৩ মৌসুমে ফ্রি কিক থেকে সমান পাঁচটি করেছিলেন লুইস সুয়ারেস।

চলতি লিগে সোবোসলাইয়ের গোল হলো পাঁচটি, মৌসুমে সব মিলিয়ে ১১টি।

লিগে আগের ছয় রাউন্ডের সবগুলোয় পরাজিত টটেনহ্যাম সমানতালে পাল্টা আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের মুখে হাসি ফোটান রিশার্লিসন। সতীর্থের ছোট পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কোনোমতে হার এড়াতে পারলেও, লিগে জয়ের স্বাদ যেন ভুলতেই বসেছে টটেনহ্যাম। এই প্রতিযোগিতায় ২০২৬-এ এখনও কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এখানে সবশেষ তারা জিতেছিল গত ২৮ ডিসেম্বর, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। 

দলটির অবনমনের শঙ্কাও তাই বাড়ছে ক্রমেই। ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা, অবনমন অঞ্চল থেকে স্রেফ ১ পয়েন্ট দূরে।