২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে হেরেই ‘ফুঁসছে’ আর্সেনালের ফুটবলাররা

কোচ মিকেল আর্তেতা বললেন, রেয়াল বেতিসের কাছে পরাজয় দলকে তাতিয়ে দিয়েছে সামনে দারুণ কিছু করতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 01:14 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

স্রেফ একটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ। মূল দলের অনেকেই নেই সেই ম্যাচে। অথচ এই ম্যাচ হেরেই প্রচণ্ড হতাশ আর্সেনালের ফুটবলাররা। কোচ মিকেল আর্তেতা জানালেন, তার দল এই পারফরম্যান্স মেনেই নিতে পারছে না। ফুটবলারদের এমন আত্মসমালোচনা ও প্রতিক্রিয়াতেই আশার ছবি দেখছেন ইংলিশ চ্যাম্পিয়নদের কোচ।

ডাবলিনে বুধবার ম্যাচটিতে ৩-১ গোলে হেরে যায় আর্সেনাল। গত মৌসুমে ধারে খেলতে এসে এবার নিয়মিত চুক্তিতে দলে রয়ে যাওয়া ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে করেছেন দলের একমাত্র গোলটি।

বিশ্বকাপের পর ছুটিতে আছেন আর্সেনালের ডেক্লান রাইস, বুকায়ো সাকা, এবেরেচি এজে ও ননি মাদুয়েকে। অধিনায়ক মার্টিন ওদেগোর সবে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। এই পরাজয়ে তাই খুব বিস্ময়ের কিছু নেই। এছাড়া প্রস্তুতি ম্যাচে অনেক কিছুই পরখ করে দেখা হয়, লড়াইয়ের তীব্রতা ততটা থাকে না।

তবে ম্যাচের পর আর্তেতা ফুটিয়ে তুললেন ড্রেসিং রুমের অন্য চিত্র।

“(সবাই) প্রচণ্ড হতাশ। কঠিন পরিস্থিতিতে পড়েছে দল। ওরা খুবই ক্ষুব্ধ, ফুঁসছে সবাই। তবে এটা ভালো। এই জেদই তো আমাদের প্রয়োজন।”

“অবশ্যই উন্নতির অনেক কিছু আছে। এই ম্যাচ থেকে ইতিবাচক কিছু বয়ে নেওয়ারও আছে। মাঝেমাঝে ভেতরের আগুন আরও বেশি করে জ্বালিয়ে দেওয়ার জন্য বাজে ফলাফল জরুরি।”

আগামী ২১ অগাস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্তেতার দল।