স্প্যানিশ ফুটবল
Published : 20 Feb 2026, 05:04 PM
কোপা দেল রের ফাইনালে উঠতে হলে সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে করে দেখাতে হবে দুর্দান্ত কিছু। দলটির ডিফেন্ডার পাও কুবার্সি জানালেন, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর আশা এখনও ছেড়ে দেননি তারা।
মার্চের প্রথম সপ্তাহে কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি লিগে কাম্প নউয়ে আতলেতিকোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় প্রথম লেগে ৪-০ গোলে উড়ে গিয়েছিল হান্সি ফ্লিকের দল।
প্রথম লেগের ওই হারের পর লা লিগাতেও জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে হারে বার্সেলোনা। সব মিলিয়ে টানা দুই হারে কোণঠাসা কাতালুনিয়ার দলটি। তবে নিজেদের উপর আশা, আস্থা কোনোটাই হারাচ্ছেন না কুবার্সি।
“আমাদের দলটি ইতোমধ্যে প্রমাণ করেছে যে, আমরা প্রত্যাবর্তনে বিশ্বাসী এবং এটা আমরা করে দেখিয়েছি। সর্বশক্তি দিয়ে এবং সমর্থক, যারা কখনই আমাদের হতাশ করেনি, তাদের সমর্থন নিয়ে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”
“যখন সময় আসবে, আমরা দেখব কী হয়, কিন্তু কোচ যে নির্দেশনা দিবে এবং পরিকল্পনা সাজাবেন, সেটাই আমরা অনুসরণ করব এবং যতটা সম্ভব নিষ্ঠা ও নিবেদনের সাথে করব, যেমনটা হওয়া উচিত।”
আতলেতিকোয় বিধ্বস্ত হওয়ার পর জিরোনার কাছে হেরে যাওয়া ম্যাচের পারফরম্যান্সে হতাশ কুবার্সি। নিজেদের খেলায় উন্নতির প্রয়োজনীতা এবং সব বিভাগে নিজেদের কমতি থাকার কথা জিরোনা ম্যাচের পরই বলেছিলেন তিনি।
“সকিছুতেই আমাদের একটু কমতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে। কিছু বিষয়ে আমাদের উন্নতি করা দরকার এবং আমাদের কাজগুলো দলীয়ভাবে করতে হবে।”
ফ্লিকের কৌশলে দলের সবার আস্থা থাকার কথাও বললেন কুবার্সি। গত মৌসুমের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ঠিক পথেই আছেন তারা।
“ফ্লিক তার দর্শন সাথে নিয়ে এসেছিলেন এবং আমরা এই বছরগুলোতে সে অনুযায়ী অনুশীলন করে আসছি। বাইরে থেকে এই কৌশলটাকে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু আমি মনে করি, কোচের পরিকল্পনা এবং আমাদের প্রচেষ্টা একসাথে কাজ করে। কেননা, গত মৌসুমেও আমরা দেখেছি এটা খুব ভালোভাবে কাজ করেছে। হ্যাঁ, কখনও কখনও আমাদের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়, তবে এটা স্বাভাবিক। আমি মনে করি, আমরা সঠিক কাজ করছি এবং এই পথেই এগিয়ে যেতে হবে আমাদের।”
“যেটা বলেছিলাম, বাইরে থেকে কৌশলটি ঝুঁকির মতো দেখাচ্ছে, এবং যদি কেউ এই ছকে সংযুক্ত না থাকে, তবে এটি কাজ করে না। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের খেলায় যতটা সম্ভব জড়িত থাকতে হবে, যাতে সবকিছু ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করা যায়। কেননা, এটি কোচের দর্শন এবং আমরা তার সাথে সম্পূর্ণভাবে আছি।”