বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ সাবেক টেনিস খেলোয়াড়ের ছেলে
স্প্যানিশ গ্রেট আন্দ্রেস ইনিয়েস্তাকে আদর্শ মেনে তার আট নম্বর জার্সি পরেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার।
টেনিস খেলোয়াড় বাবার ছায়ায় বেড়ে উঠেছেন। তবে বাবার পথ অনুসরণ করেননি নিল এল আয়নাওয়ি। হৃদয়ের ডাক শুনে তিনি বেছে নিয়েছেন ফুটবলকে। মরক্কোর ২৪ বছর বয়সী মিডফিল্ডার এখন খেলছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে, প্রথম মহাদেশীয় টুর্নামেন্টে। তবে মহাদেশের সীমানা ছাড়িয়ে তার দৃষ্টি আরও দূরে, আগামী বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলে পূরণ করতে চান শৈশবের স্বপ্ন।
নিল এল আয়নাওয়ির বাবা ইউনেস এল আয়নাওয়ির এটিপি ট্যুর এককে আছে পাঁচটি শিরোপা। ২০০৩ সালে টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থান ১৪ নম্বরে উঠেছিলেন তিনি ৩১ বছর বয়সে।
নিল এল আয়নাওয়ির জন্ম ফ্রান্সে। ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠা ফরাসি ক্লাব নসিঁর একাডেমিতে। পরে লিগ আঁর দল নিসের একাডেমি হয়ে মূল দলে অভিষেক হয় তার। দলটির হয়ে দুই মৌসুমে লিগে ৪৯ ম্যাচে ৯ গোল করেন তিনি। প্রতিভাবান এই খেলোয়াড় গত জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে নাম লেখান ইতালিয়ান ক্লাব রোমাতে।
রোমার ওয়েবসাইটে এল আয়নাওয়ি বললেন, ছোটবেলা থেকে ফুটবলকেই আপন করে নিতে চেয়েছেন তিনি।
“আমি সবসময় টেনিসের চেয়ে ফুটবলকে বেশি ভালোবাসি এবং বাবা আমাকে আমার আকাঙ্ক্ষার পথ অনুসরণ করতে উৎসাহ দিয়েছেন।”
স্পেন ও বার্সেলোনা গ্রেট আন্দ্রেস ইনিয়েস্তাকে আদর্শ মানেন এল আয়নাওয়ি। বিশ্বকাপ জয়ী সাবেক মিডফিল্ডারের প্রতি শ্রদ্ধা জানাতে তার আট নম্বর জার্সি পরেন তিনি।
“ছোটবেলা থেকেই ইনিয়েস্তাকে খুব পছন্দ করি। তিনি আমার আদর্শ এবং অনুপ্রেরণা। আমি তার সৃজনশীলতার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করি।”
এই বছরই মরক্কো জাতীয় দলের হয়ে অভিষেক হয় এল আয়নাওয়ির। দেশটিতে গত রোববার শুরু হওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে কমোরোসের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে স্বাগতিকদের অভিযান শুরুর ম্যাচে পুরোটা সময় খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন সাত ম্যাচ।
চমক জাগিয়ে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল মরক্কো। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতিকে।
ব্রাজিলের মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন এল আয়নাওয়ি।
“এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ছোটবেলা থেকেই বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার ইচ্ছা ছিল আমার। ব্রাজিলের অসাধারণ প্রজন্ম এবং অবিশ্বাস্য প্রতিভাবান সব খেলোয়াড় আছে। স্কটল্যান্ড ও হাইতিকে নিয়ে আমাদের গ্রুপটা কঠিন।”
তবে শুধু গ্রুপ পর্বেই আটকে থাকতে চান না তিনি।
“কাতারে মরক্কোর ঐতিহাসিক অর্জন বিশ্বের আফ্রিকান ফুটবলকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ২০২২ সালের পর পরিস্থিতি বদলে গেছে। আফ্রিকান দলগুলো অনেক দূর যেতে পারে, আমরা আর কেবল অংশ নিতে আসি না।”
