উন্নতির তাগিদ দিয়ে বিয়েলসা বললেন, ‘প্রথমার্ধে ৫ সুযোগ হাতছাড়া করেছি’
উরুগুয়ে কোচ মনে করেন, পানামা সমতা ফেরাতে পারলে ম্যাচ অনেক কঠিন হয়ে যেতে পারত।
পানামার বিপক্ষে জয় দিয়ে শুরুর উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না মার্সেলো বিয়েলসা। উরুগুয়ে কোচ মনে করিয়ে দিয়েছেন, স্কোর লাইন যতটা বলছে মাঠের লড়াই এর চেয়ে অনেক কঠিন ছিল। ফিনিশিংয়ে নিজেদের ব্যর্থতায় ম্যাচ হয়ে যেতে পারত অনেক জটিল। তাই দিয়েছেন উন্নতির তাগিদ।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকালে ‘সি’ গ্রুপের লড়াইয়ে ৩-১ গোলে জিতেছে উরুগুয়ে।
গত বছর মে মাসে দু্ইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হয়ে আসেন বিয়েলসা। এদিনসন কাভানি ও দিয়েগো গদিনের অবসরের পর পালাবদলের মধ্য দিয়ে চলেছে উরুগুয়ে। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেসও ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে।
গত মাস ধরে দারুণ ছন্দে আছে উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে হারিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলকে। এই সব পারফরম্যান্সে অনেকেই মনে করছেন, কোপা আমেরিকায় ষোড়শ শিরোপা জিততে পারে বিয়েলসার দল। অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ অবশ্য এখনই ততদূর ভাবতে চান না।
“উরুগুয়ের আকাঙ্ক্ষার কথা বললে, আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”
“আমার প্রত্যাশা হলো, প্রতিটি ম্যাচ আমাদের মানের ক্রমাগত উন্নতিতে সাহায্য করবে। উরুগুয়ের খুব ভালো মানের খেলোয়াড় আছে, দেখা যাক এই খেলোয়াড়দের নিয়ে আমি কিছু গড়ে তুলতে পারি কী না।”
ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে উরুগুয়ে। ভীষণভাবে চেপে ধরে পানামাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে লাতিন আমেরিকার দলটির গতি বেশ কমে আসে। মনে হচ্চিল পানামা সমতা ফিরিয়ে ফেলতে পারে। ৮৫তম মিনিটে দারইউন নুনেসের গোলে ম্যাচ উরুগুয়ের নিয়ন্ত্রণে চলে আসে।
ওই গোলের আগের কঠিন সময়ে দলের খেলায় বেশ ঘাটতি চোখে পড়েছে বিয়েলসার।
“প্রথমার্ধ প্রতিপক্ষের চেয়ে আমাদের এগিয়ে দিয়েছিল। আমরা একটি গোল করেছিলাম, পাঁচটি সুযোগ হাতছাড়া করেছিলাম। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। পরে দ্বিতীয়ার্ধেও আমরা গোলের দুটি সুযোগ নষ্ট করি।”
“দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ১৫ মিনিটের মতো আমরা খুব বাজে খেলেছি। সেই সময়ে ওরা বল দখলে আধিপত্য করেছিল এবং সুযোগও তৈরি করেছিল। সে সময় আমরা কেবল এক গোলে এগিয়ে ছিলাম। ওরা গোল পেয়ে গেলে ম্যাচ আমাদের জন্য অনেক জটিল হয়ে যেতে পারত।”
আগামী শুক্রবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবে উরুগুয়ে।
