২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

একই দিনে ভিন্ন দুই দেশে ট্রফি উঁচিয়ে ধরলেন আর্জেন্টাইন দুই ভাই

বেলজিয়ান প্রো লিগে ইউনিয়ঁ সাঁ জিলোয়াজের ৯০ বছরের শিরোপা-খরা কাটানোর মধ্য দিয়ে দেখা মিলল এমন দৃশ্যের।

একই দিনে ভিন্ন দুই দেশে ট্রফি উঁচিয়ে ধরলেন আর্জেন্টাইন দুই ভাই
ট্রফি নিয়ে কেভিন (বাঁ পাশে ওপরে) ও আলেক্সিসের (বাঁ পাশে নিচে) উদযাপন। ২০২৩ সালে যখন ইউরোপা লিগে মুখোমুখি হয়েছিল দুই ভাইয়ের ক্লাব (ডান পাশে)। ছবির কোলাজ: ইএসপিএন এফসি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

নিজ নিজ দলের শেষ ম্যাচে দুই ভাইয়ের কেউই মাঠে নামতে পারেননি। তবে ম্যাচ শেষে ঠিকই তারা যোগ দিলেন দলের শিরোপা উদযাপনে। একই দিনে ভিন্ন দুই দেশে লিগ ট্রফি উঁচিয়ে ধরার বিরল ঘটনার জন্ম দিলেন আর্জেন্টাইন ভাই আলেক্সিস মাক আলিস্তের ও কেভিন মাক আলিস্তের। 

আলেক্সিসের লিভারপুল এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে চার ম্যাচ হাতে রেখে। রোববার শেষ রাউন্ডে অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ট্রফি তুলে দেওয়া হয় ‘অল রেড’ নামে পরিচিত দলটির হাতে।

চোটের কারণে প্যালেসের বিপক্ষে খেলতে না পারলেও ম্যাচ শেষে দলের উদযাপনের সঙ্গী হন আলেক্সিস। ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যায় ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারকে।

একই দিন আলেক্সিসের এক বছরের বড় ভাই কেভিনের দল ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ বেলজিয়ান প্রো লিগের শিরোপা জয়ের স্বাদ পায় ৯০ বছর পর। শেষ রাউন্ডে নিজেদের ম্যাচে ৩-১ গোলে জিতে, গতবারের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজের থেকে তিন পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় দলটি।

নিষেধাজ্ঞার কারণে কেভিন এই ম্যাচে খেলতে না পারলেও, ট্রফি নিয়ে উদযাপনে মাতেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। 

আলেক্সিস ও কেভিনের বড় ভাই, ২৯ বছর বয়সী ফ্রান্সিস মাক আলিস্তেরও ফুটবলার। তিনি খেলেন আর্জেন্টিনার শীর্ষ লিগের দল ইনসিতুতোর হয়ে। আলেক্সিসের মতো ফ্রান্সিসও মিডফিল্ডার।

তিন ভাইয়েরই পেশাদার ক্যারিয়ার শুরু হয় স্বদেশি ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সে। ২০১৭ সালে প্রথমবার একসঙ্গে খেলেন তারা। 

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন আলেক্সিস। ২০২২ সালে বিশ্বকাপের পাশাপাশি ২০২৪ সালে তিনি পেয়েছেন কোপা আমেরিকা জয়ের স্বাদ।

তার বড় দুই ভাই অবশ্য এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

তাদের বাবা, সাবেক ডিফেন্ডার কার্লোস আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেন ১৯৯৩ সালে। ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্সেও খেলেন তিনি, যেখানে ১৯৯২ সালে জেতেন লিগ চ্যাম্পিয়নশিপ।