২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাঠে ফিরেই নতুন চোটে বাইরে কার্ভাহাল, লাগবে অস্ত্রোপচার

এই বয়সে মাঠে ফিরেই নতুন চোট পড়া রেয়াল মাদ্রিদ ডিফেন্ডারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জন্ম দিচ্ছে।

মাঠে ফিরেই নতুন চোটে বাইরে কার্ভাহাল, লাগবে অস্ত্রোপচার
দানি কার্ভাহাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

চোট কাটিয়ে মাঠে ফেরাটা জয়ের আনন্দে হলেও, ব্যক্তিগত দিক থেকে সুখকর হয়নি দানি কার্ভাহালের। নতুন চোটে ছিটকে পড়েছেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার। হাঁটুর এই চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার করাতে হবে।

গত ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের ম্যাচে পায়ের পেশিতে চোট পান কার্ভাহাল। তারপর মাসখানেক বাইরে থাকার পর, প্রথমবার গত রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে ৭২তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় দারুণ পারফরম্যান্সে ২-১ গোলে জিতে লা লিগায় শীর্ষস্থান মজবুত করেছে রেয়াল মাদ্রিদ। কিন্তু খেলতে গিয়ে অস্বস্তি বোধ করায় সোমবার তার পরীক্ষা করানো হয়। 

সেদিনই পরে তার ডান হাঁটুর জয়েন্টে সমস্যা ধরা পড়ার কথা জানায় মাদ্রিদের ক্লাবটি।

এই অস্ত্রোপচার খুব গুরুতর কিছু নয়। তবে চলতি বছরে তাকে আর পাবেন না কোচ শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদের বিবৃতিতে অবশ্য এই রাইট-ব্যাকের ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু বলা হয়নি। তবে সূত্রের বরার দিয়ে ইএসপিএন লিখেছে, আগামী বছর শুরুর দিকে কার্ভাহালকে পেতে পারে লা লিগার সফলতম দলটি।

আর মাস দুয়েক পরেই ৩৪ বছর পূর্ণ হবে দানি কার্ভাহালের। এই বয়সে মাঠে ফিরেই নতুন চোট পড়া তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জন্ম দিচ্ছে।

লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পুনরুদ্ধারের অভিযানে এবার দারুণ শুরু করেছে রেয়াল। 

লা লিগায় ১০ ম্যাচের ৯টিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে আলোন্সোর দল।