সিটিতে যোগ দেওয়ার আগে সেমেনিওর ‘রূপকথার সমাপ্তি’
অ্যান্টোয়ান সেমেনিওর ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া একরকম নিশ্চিত করে দিলেন বোর্নমাউথ কোচ।
নিজের ২৬তম জন্মদিন, সঙ্গে ক্লাবের হয়ে শেষ ম্যাচ, উপলক্ষটা বোর্নমাউথকে জিতিয়ে রাঙালেন অ্যান্টোয়ান সেমেনিও। ম্যাচ শেষে কোচ আন্দোনি ইরাওলা নিশ্চিত করে দিলেন, ক্লাব ছেড়ে ঘানার উইঙ্গার যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটিতে।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, চলতি সপ্তাহেই সিটিতে মেডিক্যাল হবে সেমেনিওর। রিলিজ ক্লজের ৬ কোটি ৫০ লাখ পাউন্ড পরিশোধ করলে ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে যাবেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পথে শেষ সময়ে গোল করেন সেমেনিও। এর একটু পরেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ, সে সময় দাঁড়িয়ে অভিবাদন জানান বোর্নমাউথ সমর্থকরা।
ম্যাচ শেষে সেমেনিওর ভবিষ্যৎ স্পষ্ট করে দেন কোচ ইরাওলা।
“এটা রূপকথার সমাপ্তি। আপনি যদি সত্যিই নিবেদিত থাকেন তো ফুটবল কখনও কখনও আপনাকে কিছু জিনিস ফিরিয়ে দেয়। আমি যাদের কোচিং করিয়েছি, সে তাদের মধ্যে সেরাদের একজন।”
“সে যা করে তা সহজ নয়। কারণ, অনেক খেলোয়াড়ই ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। সে কখনও অজুহাত খুঁজে না। আমাদের যা প্রয়োজন সেটা দিতে সে প্রস্তুত।”
সহজে যে সেমেনিওকে ছাড়ছেন না তারা, সেটাও বললেন বোর্নমাউথ কোচ।
“আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম… তার জন্য আমি খুশি। কারণ, সে কেবল শীর্ষ একজন খেলোয়াড়ই নয়, বিশেষ করে একজন সেরা ব্যক্তিও।”
