সাফ ফুটসাল
Published : 20 Jan 2026, 08:42 PM
সাফ ফুটসালের শিরোপা লড়াইয়ে ফিরতে জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাকে উড়িয়ে গুরুত্বপূর্ণ কাজটি ঠিকই সারলেন রাহবার ওয়াহেদ-মঈন আহমেদরা। টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। চার ম্যাচে ৭ পয়েন্ট এ মুহূর্তে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাঈদ খোদারাহমির দল।
ভারতের বিপক্ষে ৪-৪ ড্র করে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারে ৬-১ গোলে। তৃতীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু পায় বাংলাদেশ। পঞ্চম মিনিটে রাহবারের একক প্রচেষ্টার গোলে এগিয়ে যায় দল। নিজেদের অর্ধ থেকে বল পায়ে ড্রিবিলং করে অনেকটা এগিয়ে দারুণ কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এই স্বস্তি অবশ্য একটু পরই উবে যায়। সার্কেলের ঠিক উপর থেকে ফ্রি কিকে ফায়জার আমান সমতায় ফেরান শ্রীলঙ্কাকে।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে বিরতির আগে এগিয়ে যায় বাংলাদেশ। এবার রাহবারের ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। বল নাগালের মধ্যে থাকলেও আটকাতে ব্যর্থ হওয়ার হতাশা ফুটে ওঠে শ্রীলঙ্কা গোলকিপারের ভঙ্গিতে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তালগোল পাকালে বল পেয়ে যান রাহবার। তার আড়াআড়ি পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা মঈন।
দ্বাদশ মিনিটে মঈনের আরেকটি প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যাওয়া একটু পর তাজওয়ার কাশেমের গোলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম শট গোলকিপার আটকানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন কাশেম।
শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া শ্রীলঙ্কার সবাই উঠে আসেন উপরে। সেই সুযোগে নিজেদের অর্ধ থেকে জোরালো শটে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে দেন আবির হোসেন।
রাউন্ড রবিন লিগে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের সমান ৭ পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে পাকিস্তান।