১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোল করে ও করিয়ে শিরোনামে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

বোরহ্যাম উডের হয়ে প্রথম ন্যাশনাল লিগে খেলতে নেমেই দারুণ পারফরম্যান্স মেলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ উইঙ্গার।

গোল করে ও করিয়ে শিরোনামে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
বোরহ্যাম উডের হয়ে গোলের খাতা খুলেছেন ফারহান আলি ওয়াহিদ। ছবি: বোরহ্যাম উডের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 02:35 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

গোলের আলো ছড়ালেন। সতীর্থের গোলে অবদান রাখলেন। লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহ্যাম উডের বড় জয়ের অনেকটা জুড়েই থাকলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলি ওয়াহিদ।

ন্যাশনাল লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার ঘরের মাঠ মিডো পার্কে  ৫-২ গোলে জিতে বোরহ্যাম উড। এই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি তারান আল্লারাখিয়ার গোলেও অবদান রাখেন ফারহান।

ফুলহ্যাম থেকে কদিন আগেই বোরহ্যামে ধারে যোগ দেওয়া ফারহান এদিন প্রথম খেলতে নামেন ন্যাশনাল লিগে। প্রথম ঝলক তিনি দিকে দেখান ৪১তম মিনিটে, বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে বোরহামের হয়ে গোলের খাতা খুলে। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে সতীর্থ আল্লারাখিয়ার গোলে সুর বেঁধে দেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচে খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।

ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।

ফুলহ্যামের প্রাক-মৌসুমের প্রস্তুতি নেওয়া দলের সঙ্গী হয়েছিলেন ফারহান। নরিচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে মূল দলের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি। 

এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেন ফারহান। ফলে, ফুলহ্যামের মূল দলের হয়ে তার প্রতিযোগিতামূলক ফুটবলে পা পড়ার সম্ভাবনা জোরাল হয়। কিন্তু এরপরই তাকে ধারে বোরহ্যাম উডে পাঠায় ফুলহ্যাম।

ফারহানকে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।