লিভারপুলে নিষিদ্ধ গালাতাসারাইয়ের সমর্থকরা
অ্যানফিল্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের টিকেট বিক্রি করতে পারবে না তুরস্কের ক্লাবটি।
শাস্তির বিরুদ্ধে আবেদন করেও গালাতাসারাইয়ের লাভ হয়নি। লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের টিকেট সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না তুরস্কের ক্লাবটি।
গত সপ্তাহে তুরিনে ইউভেন্তুসের বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগের লড়াইয়ে অপ্রীতিকর আচরণ করেন গালাতাসারাইয়ের সমর্থকরা। গ্যালারি থেকে বস্তু ছুঁড়ে মারা, আতশবাজি জ্বালানো ও বিশৃঙ্খলা তৈরির দায়ে লিভারপুলে দলটির ভক্তদের নিষিদ্ধ করেছে উয়েফা।
গণমাধ্যমের খবর, সেদিন ইউভেন্তুসের সমর্থকদের দিকে গালাতাসারাইয়ের সমর্থকদের ছোঁড়া আতশবাজিতে এক ব্যক্তি ও তার মেয়ে আহত হন।
ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় গালাতাসারাই। তবে প্রথম লেগে ঘরের মাঠে ৫-২ গোলে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় জায়গা করে নেয় তুরস্কের চ্যাম্পিয়নরা।
সমর্থকদের বাজে আচরণের কারণে ৪০ হাজার ইউরো জরিমানাও করা হয় গালাতাসারাইকে।
পরে এই শাস্তির বিরুদ্ধে আপিল করে গালাতারাসাই। কিন্তু বুধবার সেটি নাকচ করে দেয় উয়েফা।
শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে গালাতারাসাই। দুই দলের দ্বিতীয় লেগ অ্যানফিল্ডে, আগামী ১৮ মার্চ।
