Published : 29 Jul 2026, 02:43 AM
প্রতিযোগিতামূলক ফুটবলে ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে ফারহান আলি ওয়াহিদের খেলার সম্ভাবনা জোরাল হলো আরও। প্রাক মৌসুমের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গারকে খেলালেন কোচ আলভারো আরবেলোয়া।
আল-আহলির বিপক্ষে মঙ্গলবার ১-১ ড্র করেছে ফুলহ্যাম। ৬৯তম মিনিটে বদলি নামেন ফারহান। এই তরুণ সিনিয়র দলের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন নরিস সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া প্রীতি ম্যাচে।
ব্রাজিলিয়ান উইঙ্গার কেভিন সান্তোসের একটি প্রচেষ্টা আল-আহলি গোলরক্ষক আটকানোর পর, বল পান ফারহান। তার ফিরতি প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক।
ফুলহ্যাম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচ খেলে সাত গোল করেন ফারহান। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেকে তিনি পান জালের দেখা।
ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই, পিএলটু-এর গত নভেম্বরের সেরা খেলোয়াড় হন তিনি। বয়সভিত্তিক দলটির হয়ে ওই সময়ে দুই ম্যাচ খেলে করেন তিন গোল।
বাংলাদেশের জার্সিতে ফারহানের খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।