১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিপক্ষে দলের ‘উরুগুইয়ান স্টাইল’ দেখে তৃপ্ত কোচ

ব্রাজিলের বিপক্ষে আক্রমণভাগের নিষ্প্রভ দিনে রক্ষণভাগের নৈপুণ্যে তুষ্ট উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 01:53 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

ম্যাচের তখনও বাকি ১৫ মিনিটের বেশি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাহিতান নান্দেস৷ একজন কম নিয়েই বাকি সময়টা ব্রাজিলকে আটকে রাখল উরুগুয়ে। পরে টাইব্রেকার জিতে সেমি-ফাইনালে ওঠার পর দলের নিজস্ব ঘরানার খেলার প্রশংসা করলেন কোচ মার্সেলো বিয়েলসা। 

কোপা আমেরিকার গ্রুপ পর্বে তিন ম্যাচে ৯ গোল করে ৯ পয়েন্ট নিয়েই নকআউটে আসে উরুগুয়ে। তবে রোববার ব্রাজিলের বিপক্ষে শেষ আটের ম্যাচে কোনো গোল করতে পারেনি টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। 

এদিন আক্রমণভাগের ব্যর্থতা আড়াল করে এগিয়ে আসে রক্ষণভাগ। বিশেষ করে শেষ দিকে ১০ জন নিয়েই তারা আটকে রাখে একের পর এক আক্রমণে আসতে থাকা ব্রাজিলিয়ানদের। 

গত বছর উরুগুয়ের কোচ হয়ে আসা বিয়েলসা ম্যাচ শেষে প্রশংসা করলেন খেলোয়াড়দের।

“(ব্রাজিলের বিপক্ষে ম্যাচে) যা কিছুই হয়েছে, উরুগুইয়ান স্টাইলে হয়েছে। কারণ ফুটবলাররা দলের জন্য নিজেদের সবটা দিয়েছে মাঠে।” 

দুই দল মিলিয়েই ম্যাচে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। উরুগুয়ে ১২টি শট করলেও লক্ষ্যে মাত্র একটি রাখতে পারে। আর ব্রাজিলের ৭ শটের মধ্যে লক্ষ্য থাকে ৩টি।

এমন ম্যাচে রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট উরুগুয়ে কোচ।

"গোলের খুব কম সুযোগ আসা ম্যাচ ছিল এটি। প্রতিদ্বন্দ্বিতা ছিল খুব উঁচুতে। দুই দলের ব্যবধান খুবই কম ছিল। এমনকি বল দখলেও পার্থক্য বেশি ছিল না। এক খেলোয়াড় হারানোর পর, আমরা নিজেদের রক্ষণেই মনোযোগ দিয়েছিলাম।"

“সেই ফল (গোলশূন্য ড্র) ধরে রাখার মাধ্যমে দলের ফুটবলাররা উরুগুয়ের নিজস্ব ঘরানার ফুটবল দেখিয়েছে। পেনাল্টি শুটআউটে তারা খুবই শান্ত ছিল। সেখানে শুধু নিখুঁত থাকলেই হয় না, দৃঢ়তাও ধরে রাখতে হয়।"

গত শতাব্দীর আশির দশক থেকে কোচিং করানো বিয়েলসা এমনিতে আক্রমণাত্মক ফুটবলের অনুসারী। তার কোচিংয়ে যে কোনো দল গোল ঠেকানোর চেয়ে করার দিকেই বেশি মনোযোগী দেখা যায়।

চলতি কোপায়ও গ্রুপ পর্বে আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ে৷ তবে তাদের রক্ষণভাগও ছিল নিখুঁত। সব মিলিয়ে চার ম্যাচের তিনটিতে কোনো গোল হজম না করে সেমি-ফাইনালে উঠেছে তারা। 

এক বছরের বেশি সময় ধরে উরুগুয়কে কোচিং করানো বিয়েলসা মনে করেন, রক্ষণাত্নক খেলাও রপ্ত করে নিয়েছে তার দল। 

“রক্ষণাত্মক খেলার চেয়ে আক্রমণাত্মক খেলার দিকেই আমার ঝোঁক বেশি। তবে আজকের মতো আঁটসাঁট ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি এবং রক্ষণেও ভালো করেছি।” 

“উরুগুয়ের একজন কোচ বলেছিলেন, আমি রক্ষণাত্মক খেলাও শিখে যাব৷ কথাটি সত্যি। কারণ রক্ষণের দিক থেকে উরুগুয়ে খুবই ধারাবাহিক।”