স্প্যানিশ ফুটবল
Published : 02 May 2026, 07:26 PM
রেয়াল মাদ্রিদের সঙ্গে দানি কার্ভাহালের চুক্তির মেয়াদ শেষের পথে। এই সময়ে তার শরীরে হানা দিয়েছে চোট। ক্লাবটির জার্সিতে সামনের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না স্প্যানিশ ডিফেন্ডার।
৩৪ বছর বয়সী কার্ভাহালের ডান পায়ের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে, শনিবার জানিয়েছে রেয়াল। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, বিবৃতিতে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কার্ভাহালকে। ধারণা করা হচ্ছে, সান্তিয়াগো বের্নাবেউয়ে এবারের মৌসুমে রেয়ালের শেষ ম্যাচে আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেন তিনি।
রেয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৪৮ ম্যাচ খেলেছেন কার্ভাহাল। চলতি মৌসুমে স্রেফ ২০ ম্য্যাচ খেলতে পেরেছেন তিনি।
রেয়ালের সঙ্গে কার্ভাহালের চুক্তি আগামী জুন পর্যন্ত। নতুন কোনো চুক্তির সম্ভাবনার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
হতাশায় ভরা মৌসুমে কেবল একটি প্রতিযোগিতায় টিকে আছে রেয়াল মাদ্রিদ, লা লিগায়। সেখানেও অবশ্য তাদের শিরোপা জয়ের আশা নেই বললেও চলে।
লিগে আর পাঁচ ম্যাচ বাকি আছে রেয়ালের। ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে ইউরোপের সফলতম ক্লাবটি।