টটেনহ্যাম ছেড়ে ইন্টার মিলানে স্পেন্স
পাঁচ বছরের চুক্তিতে ইংল্যান্ডের এই উইঙ্গারকে দলে নিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
নতুন ঠিকানা বেছে নিয়েছেন জেড স্পেন্স। টটেনহ্যাম হটস্পার থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন ইংল্যান্ডের এই উইঙ্গার।
পাঁচ বছরের চুক্তিতে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নেওয়ার কথা শনিবার জানিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এজন্য প্রায় তিন কোটি পাউন্ড খরচ হয়েছে সেরি আ ক্লাবটির।
টটেনহ্যামের হয়ে চার বছরের অধ্যায়ে স্পেন্স ৮৫টি ম্যাচ খেলেছেন এবং ইউরোপা লিগ জিতেছেন। এখানে থাকাকালীন রেন, লিডস ইউনাইটেড ও জেনোয়ায় ধারে খেলেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে টমাস টুখেলের স্কোয়াডেরও অংশ ছিলেন স্পেন্স এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ ইংল্যান্ডের আটটি ম্যাচেই খেলেছেন তিনি।
চলতি গ্রীষ্মের দলবদলে ইন্টারে যোগ দেওয়া দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় স্পেন্স। এর আগে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, সান সিরোতে পাড়ি জমান জন স্টোন্স।
