১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সৈকতে কেন পর্তুগাল দল, ব‍্যাখ‍্যা দিলেন নুনেস

দেরিতে বিশ্বকাপে আসায় সমালোচনা চলছে পর্তুগালের, ছোট্ট কথায় এর বাখ‍্যা দিলেন তিনি।

সৈকতে কেন পর্তুগাল দল, ব‍্যাখ‍্যা দিলেন নুনেস
অনুশীলনে পর্তুগালের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 01:25 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

দেশের মাটিতে ১১ জুন নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম‍্যাচ খেলার পর বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে পৌছায় পর্তুগাল। ‘দেরি করায়’ বেশ সমালোচনা চলছে দলটির। এর মধ‍্যেই তারা মায়ামির জনপ্রিয় সমুদ্র সৈকতে যাওয়ায় সমালোচনার মাত্রা বেড়েছে আরও। এসবের একটা ব‍্যাখ‍্যা দিয়েছেন মাথেউস নুনেস।  

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ‘কে’ গ্রুপের ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এর আগে সোমবার অনুশীলন ক‍্যাম্পে ছোট্ট কথায় নিজেদের অবস্থান ব‍্যাখ‍্যা করলেন ২৭ বছর বয়সী নুনেস।

“সবসময়ই এটা আমাদের কাজের পরিকল্পনায় ছিল। আমরা সকালে সৈকতে গিয়েছিলাম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। কারণ অবশ‍্যই… আমি পুরো বছর ম‍্যানচেস্টারে খেলে কাটিয়েছি, এখানে যেমন, সেখানে ততটা রোদ কিংবা গরম নেই। তাই এটা বিশাল পার্থক‍্য।”

“আমার মনে হয়, এটা স্বাভাবিক। এতে এমন একটা আভাস দেওয়া উচিত নয় যে, আমরা অনুশীলনের চেয়ে সৈকতে বেশি সময় কাটাচ্ছি। সকালে আমরা সৈকতে গিয়েছিলাম… এরপর অপরাহ্নে আমরা নিজেদের সারাদিনের স্বাভাবিক অনুশীলন করেছি।”

ব্রাজিলে জন্ম নেওয়া নুনেস ১২ বছর বয়সে পর্তুগালে যান। ২০২১ সালে ব্রাজিল দলে ডাক পেলেও ইউরোপের দেশটিকেই বেছে নেন তিনি। 

“আমার মনে হয় আমি দুটোই- আমি পর্তুগিজ, আমি ব্রাজিলিয়ান। তবে যখন ফুটবলের প্রসঙ্গ আসে, ব্রাজিলের চেয়ে আমি পর্তুগালের প্রতি বেশি ঋণী। কারণ আজ আমি যা হয়েছি, এই সুযোগটা আমাকে পর্তুগাল দিয়েছে। পর্তুগাল আমার জন‍্য দুয়ার খুলে দিয়েছিল।”

“অবশ‍্যই এটা কঠিন। তবে পর্তুগালকে বেছে নিয়ে আমি গর্বিত। পর্তুগালের হয়ে খেলতে পেরে আমি খুশি।”