স্প্যানিশ ফুটবল
Published : 14 Oct 2024, 10:45 PM
বার্সেলোনার সাবেক কোচ শাভি এর্নান্দেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সের্জিনো দেস্ত। কাতালান দলটির সাবেক এই ডিফেন্ডার মনে করছেন, তার সঙ্গে সৎ ছিলেন না শাভি।
ডাচ ক্লাব আয়াক্স থেকে দেস্ত বার্সেলোনায় যোগ দেন ২০২০ সালে, তখন দলটির দায়িত্বে ছিলেন ডাচ কোচ রোনাল্ড কুমান। কিন্তু ২০২১ সালে শাভি কোচ হওয়ার পর দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যায় দেস্তের।
বর্তমানে পিএসভি আইন্দহোভেনে খেলা ২৩ বছর বয়সী এই ফুটবলার স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র দিয়ারিও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ তাকে দেননি শাভি। তার খেলার ধরনও সীমাবদ্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ এই ফুল-ব্যাকের।
“আমার মনে হয় না শাভির দলে প্রয়োজনীয় সুযোগ আমি পেয়েছি। মনে হয়েছে, আমাকে সীমাবদ্ধতার সঙ্গে খেলতে হচ্ছে। আমি আক্রমণে উঠতে চেয়েছি, যা আমার সবচেয়ে বড় শক্তির জায়গা, কিন্তু তিনি আমাকে সামনে এগিয়ে যেতে মানা করেছিলেন।”
“আমি মনে করি না, তিনি আমার সঙ্গে সৎ ছিলেন। আমাদের বেশ কিছু আলোচনা হয়েছিল, যেখানে তিনি আমাকে একটি বিষয় বলেছিলেন, কিন্তু আমার সন্দেহ হয়, তিনি আমাকে সত্য বলেছিলেন কি-না। গ্রীষ্মের (২০২৩ সালে) ছুটিতে যাওয়ার আগে তিনি বলেছিলেন, ‘আমি তোমার ওপর নির্ভর করছি, সংবাদমাধ্যম দেখো না।’ আর আমি ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘তোমাকে চলে যেতে হবে।’”
২০২২-২৩ মৌসুমে ধারে এসি মিলানে কাটান দেস্ত। ২০২৩-২৪ মৌসুম তিনি ধারে খেলেন পিএসভিতে। গত জুনে পাকাপাকিভাবে ডাচ ক্লাবটিতে যোগ দেন তিনি।
বার্সেলোনায় তার শুরুটা অবশ্য দারুণ হয়েছিল, কুমানের কোচিংয়ে দলে ছিলেন নিয়মিত। ২০২১ সালে জেতেন কোপা দেল রের শিরোপা। কিন্তু শাভির কোচিংয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি।
“আমার খেলার ধরন হলো বল নিয়ে ঝুঁকি নেওয়া, কিন্তু আমাকে অন্যভাবে খেলতে বলা হয়। এতে আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।”
বার্সেলোনার জার্সিতে দুই মৌসুমে সব মিলিয়ে দেস্ত খেলেছেন ৭২ ম্যাচ, গোল করেছেন ৩টি আর অ্যাসিস্ট ৪টি।