১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বের্নাবেউয়ে ভিনিসিউসকে দুয়ো ‘ভক্তদের অধিকার’ বললেন আলোন্সো

টানা ১৪ ম‍্যাচ ধরে গোল না পাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম‍্যান্সে খুশি নন রেয়াল মাদ্রিদ ভক্তরা।

বের্নাবেউয়ে ভিনিসিউসকে দুয়ো ‘ভক্তদের অধিকার’ বললেন আলোন্সো
ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

সপ্তম মিনিটে যে দুয়ো শুরু হলো তা চলল শেষ পর্যন্ত। ৮৩তম মিনিটে ভিনিসিউস জুনিয়র যখন মাঠ ছাড়লেন তখন যেন রেয়াল মাদ্রিদ ভক্তদের কণ্ঠ সবচেয়ে জোরাল শোনাল। জিতলেও দলের খেলা পছন্দ হয়নি, স্পষ্টত জানান দিলেন তারা। কোচ শাবি আলোন্সো মনে করেন, নিজেদের মত জানানোর অধিকার ভক্তদের রয়েছে।  

শিরোপা শূন‍্য বছরটি শেষ হলো রেয়ালের জয় দিয়ে। সান্তিয়াগো বের্নাবেউয়ে তারা জিতল ২-০ গোলে। জুড বেলিংহ‍্যাম প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে সফল স্পট কিকে ব‍্যবধান বাড়ালেন কিলিয়ান এমবাপে। স্পর্শ করলেন এক মৌসুমে রেয়ালের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর সবচেয়ে বেশি ৫৯ গোলের রেকর্ড। 

তবে এই জয়ে নিশ্চিতভাবেই সবচেয় বড় ভূমিকা থিবো কোর্তোয়ার। প্রতি সপ্তাহে নিয়ম করে অসংখ‍্য সেভ করছেন অভিজ্ঞ বেলজিয়ান গোলরক্ষক। এর ব‍্যতিক্রম হয়নি সেভিয়ার বিপক্ষেও। চারবার ‘ওয়ান অন ওয়ান’ পরিস্থিতিতে পড়েও অক্ষত রেখেছেন জাল।

রক্ষণে দলকে এতোটা ভুগতে দেখে ভালো লাগেনি সমর্থকদের। প্রিয় বের্নাবেউয়েই তাই দুয়ো শুনতে হয়েছে রেয়ালের খেলোয়াড়দের। টানা ১৪ ম‍্যাচ ধরে জালের দেখা না পাওয়া ভিনিসিউস জুনিয়রের প্রতি তাদের অসন্তোষ ছিল স্পষ্ট। 

ম‍্যাচ শেষে এ নিয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না আলোন্সো। জানালেন এ নিয়ে ভিনিসিউসের সঙ্গে তার কথা হয়নি। তবে সমর্থকদের মনোভাব প্রকাশে আপত্তির কিছু দেখেন না রেয়াল কোচ।

“ভক্তদের নিজেদের মনোভাব প্রকাশের স্বাধীনতা আছে।”

নিজেও ভীষণ চাপে আছেন আলোন্সো। জয় দিয়ে বছর শেষ করতে পারায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তিনি। 

“আমি খেলাটা বুঝতে পারি, আমি এটার বিশ্লেষণ করি, গঠনমূলকভাবে সমালোচনা করি। তবে আজকের ম‍্যাচকে আমি দেখছি প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে, আমরা কোন অবস্থা থেকে এসেছি, জানুয়ারিতে আমরা কোথায় যাচ্ছি… আজও আমাদের নয় বা দশ জন খেলোয়াড় চোট কিংবা নিষেধাজ্ঞার জন‍্য অনুপস্থিত ছিল।”

১৮ ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে থেকে বছর শেষ করল রেয়াল। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৪৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।