প্রথম ক্লাসিকোয় ‘অনিশ্চিত’ কার্ভাহাল
পেশির চোটে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে রেয়াল মাদ্রিদ অধিনায়ককে।
চোট হানা দিয়েছে রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহালের শরীরে। তাতে বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম ক্লাসিকোয় স্প্যানিশ এই ডিফেন্ডারের খেলা নিয়ে জেগেছে প্রবল শঙ্কা।
লা লিগায় শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে শুরুর একাদশে ছিলেন কার্ভাহাল। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ৫৯তম মিনিটে।
রেয়াল মাদ্রিদ রোববার বিবৃতিতে জানায়, পেশিতে চোট পেয়েছেন কার্ভাহাল। তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু জানায়নি ইউরোপের সফলতম ক্লাবটি।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বয়সী কার্ভাহালকে।
আগামী ২৬ অক্টোবর লিগ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কার্ভাহালের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে ৯ মাস মাঠের বাইরের থাকার পর গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ দিয়ে ফেরেন কার্ভাহাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের খেলা এখন পর্যন্ত ৮ ম্যাচের সাতটিতেই মাঠে নামেন তিনি।
চোটের সঙ্গে লড়াই করছেন রেয়াল মাদ্রিদের আরও দুই ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও আন্টোনিও রুডিগার। এবার কার্ভাহালের চোট পাওয়া দলটির জন্য এলো আরেকটি বড় ধাক্কা হয়ে।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে রেয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা শিরোপাধারী বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রেয়াল সোসিয়েদাদকে রোববার হারিয়ে চূড়ায় ওঠার সুযোগ হান্সি ফ্লিকের দলের সামনে।
রেয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগে কাজাখস্তানের ক্লাব এফসি কয়রাত আলমাতির মুখোমুখি হবে তারা।
বার্সেলোনা ম্যাচের আগে অক্টোবরে লিগে ভিয়ারেয়াল ও গেতাফের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। আর ইউভেন্তুসের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
