১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরাউহোর পাশে সতীর্থের সঙ্গে প্রতিপক্ষও

মানসিক স্বাস্থ‍্য নিয়ে সমস‍্যায় এক মাস বাইরে থাকার পর মাঠে ফিরলেন বার্সেলোনা ডিফেন্ডার।

আরাউহোর পাশে সতীর্থের সঙ্গে প্রতিপক্ষও
ট্রফি নিয়ে রোনাল্দ আরাউহোর (বাঁয়ে) উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 06:54 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

খুব বেশি একটা খেলার সুযোগ পেলেন না রোনাল্দ আরাউহো। তবে ম‍্যাচ শেষে তিনিই থাকলেন উদযাপনের কেন্দ্রে। মানসিক স্বাস্থ‍্য নিয়ে সমস‍্যার সঙ্গে লড়াই করা উরুগুয়ের ডিফেন্ডারের পাশে দাঁড়ালেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।

স্প‍্যানিশ সুপার কাপের ফাইনাল দিয়ে রোববার মাঠে ফেরেন আরাউহো। মানসিক স্বাস্থ‍্য নিয়ে সমস‍্যায় এক মাস মাঠের বাইরে ছিলেন উরুগুয়ের এই ডিফেন্ডার। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লামিনে ইয়ামালের জায়গায় মাঠে নামেন আরাউহো। শেষ সমটায় ব‍্যবধান ধরে রাখায় রাখেন কিছুটা অবদান। 

৩-২ ব‍্যবধানে জয়ের পর ট্রফি নেন আরাউহোই। বার্সেলোনা অধিনায়ক মার্ক-আন্ড্রে টের স্টেগেন মাঠে থাকলেও সহ-অধিনায়ককেই এই সুযোগ দেন। 

এছাড়া সতীর্থরা মিলে আরাউহোকে শূন‍্য ছুড়ে আবার লুফে নিয়ে জয় উদযাপন করেন। যেমনটা এক সময়ে বার্সেলোনার খেলোয়াড়রা করতেন লিওনেল মেসিকে নিয়ে।  

জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া বললেন, তারা সবাই আরাউহোর পাশে আছেন। 

“রোনাল্দ দলের জন‍্য খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে সাহায‍্য করব। সে কঠিন সময়ের মধ‍্য দিয়ে যাচ্ছে। এই জার্সির যে চাপ ও চাহিদা তাতে এটা স্বাভাবিক। প্রথম দুই মৌসুমে এখানে আমারও কঠিন সময় কেটেছে। রোনাল্দ ট্রফি তুলে ধরতে পেরেছে, এখন আমরা সবার ওপর নির্ভর করতে পারি।”

গত ডিসেম্বরের শুরুতে খেলা থেকে সাময়িক বিরতি নেন আরাউহো। কোনো শারীরিক সমস‍্যা ছিল না তার। ঘাটতি ছিল আত্মবিশ্বাসে। ক্লাব থেকে পূর্ণ সমর্থন পেয়ে এক মাস পর ফিরলেন মাঠে। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়রাও তার পাশে দাঁড়ালেন।

রেয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহাল কথা বলেন আরাউহোর সঙ্গে। মুভিস্টারের ক‍্যামেরায় উঠে আসে সেটি। সামাজিক মাধ‍্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়নি স্প‍্যানিশ ডিফেন্ডার কী বলেছেন। তবে আরাউহোর কথা শোনা যায়।

“ভালো, ভালো, আমার বন্ধু। আগের চেয়ে ভালো, আগের চেয়ে ভালো। ধন‍্যবাদ, অনেক ধন‍্যবাদ, ধন‍্যবাদ, অনেক ধন‍্যবাদ।”

বিরতির সময়ে আরাউহোর সঙ্গে কথা বলেন রেয়ালের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রও।