২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে চেলসি, উত্তর জানা নেই মারেস্কার

মৌসুমের এখনও যে অনেকটা সময় বাকি, সেটি মনে করিয়ে দিয়ে চেলসি কোচ বললেন, শিরোপার লড়াই নিয়ে কথা বলার সময় আসেনি।

আর্সেনালকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে চেলসি, উত্তর জানা নেই মারেস্কার
চেলসি কোচ এন্টসো মারেস্কা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আর্সেনালের পরই চেলসির অবস্থান। শিরোপার লড়াইয়ে কি মিকেল আর্তেতার দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি? কোচ এন্টসো মারেস্কা বললেন, এসব নিয়ে কথা বলার সময় এখনও আসেনি।

আর্সেনাল ও চেলসি; দুই দলই দুর্দান্ত ছন্দে আছে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এর একদিন আগে একই প্রতিযোগিতায় স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চেলসি।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চেলসি।

প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মারেস্কার দল। সমান ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।

ঘরের মাঠে রোববার আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। ম্যাচটি জিতে আর্তেতার দলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনার দারুণ সুযোগ তাদের সামনে। যে ম্যাচের ফল পরে শিরোপার লড়াইয়ে রাখতে পারে বড় ভূমিকা।

ম্যাচটির আগের দিন মারেস্কার সংবাদ সম্মেলনে ওঠে শিরোপার লড়াইয়ের প্রসঙ্গ। মৌসুমের এখনও যে অনেক সময় বাকি, সেটি মনে করিয়ে দিয়ে চেলসি কোচ বলেন, এসব নিয়ে ভাবার সময় এখন নয়।

“আমরা (আর্সেনালের বিপক্ষে) জয় পায় বা না পায়, যেকোনো পরিস্থিতিতেই এটা (শিরোপার লড়াই নিয়ে) বলা এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন কেবল নভেম্বর, এখনও পাঁচ-ছয় মাস বাকি আছে।”

“ফেব্রুয়ারি ও মার্চ মাসে আমরা (পয়েন্ট টেবিলে) কোথায় থাকি, সেটা গুরুত্বপূর্ণ। তখন আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারি কিনা।”

আর্সেনালের বিপক্ষে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ের অভিজ্ঞতা তেমন ভালো নয় চেলসির। সবশেষ সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা, দুটি ম্যাচ করেছে ড্র।